বিভাগীয় স্টেডিয়ামের জন্য ৬০ কোটি টাকা
রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। গত শনিবার রাতে নগরের মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত মহানগর আওয়ামী লীগের কর্মিসভায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার জন্য ৬০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীতে খেলাধুলার মানোন্নয়নের জন্য বিকেএসপির আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হবে। রাজশাহীবাসীর এসব দাবি চলতি আওয়ামী লীগ সরকারের আমলেই পূরণ করা হবে। তবে শুধু স্টেডিয়াম বা বিকেএসপি স্থাপন করলেই তো হবে না, বিদেশি খেলোয়াড় ও অতিথিদের জন্য চাই মানসম্পন্ন হোটেলও। এসব অবকাঠামো নির্মাণেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ সামশুল হুদা জানিয়েছেন, রাজশাহী জেলা স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিসহ ভবন সংস্কারের জন্য ২ কোটি ৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের জন্য ৬০ কোটি টাকা বরাদ্দের ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।