বিভীষিকার নাম ক্যারিবীয় বাউন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচক কমিটির সদস্য মিনহাজুল আবেদীন ‘এ’ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে৷ বাকি দুজন ফারুক আহমেদ ও হাবিবুল বাশার বিসিবিতে কাল ব্যস্ত সময় কাটালেন। বারবাডোজ সফররত ‘এ’ দলের ওয়ানডে ও টি–টোয়েন্টির খেলোয়াড় তালিকা চূড়ান্ত করতেই তাঁদের এই ব্যস্ততা।
চার দিনের ম্যাচ খেলতে যাওয়া দল থেকে ছয়জন দেশে ফিরে আসবেন, ওয়ানডে ও টি–টোয়েন্টি দলে যোগ দিতে ছয়জন বারবাডোজ যাবেন—এই হলো নির্বাচকদের সিদ্ধান্ত। সেই ছয়-ছয় ১২ জন ঠিক করে কাল বিসিবিতে নাম জমা দিয়ে দিয়েছে ফারুক আহমেদের নির্বাচক কমিটি। সভাপতির অনুমোদন পেলে ওয়ানডে দলে যোগ দিতে আগামীকালই ছয় ক্রিকেটারের উড়ে যাওয়ার কথা বারবাডোজ। নির্বাচকদের আলোচনায় কিছু সময়ের জন্য ছিলেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমও৷ বোঝা গেল, ভারত সিরিজের সম্ভাব্য দল নিয়েও প্রাথমিক আলোচনা হয়ে গেছে ওখানেই৷ ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের
চূড়ান্ত দল ঘোষণার কথা ৪ বা ৫ জুন ৷
বারবাডোজের কেনসিংটন ওভালে সাগিকর হাইপারফরম্যান্স সেন্টারের বিপক্ষে ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৮ জুন৷ তার আগে একই মাঠে আজ শুরু দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ। অবশ্য প্রথম ম্যাচের যা ফলাফল, এটাকে ম্যাচ না বলে পরীক্ষা বলাই ভালো।
প্রথম চার দিনের ম্যাচে ৩৫১ রানের বিশাল হারের পর নাসির হোসেনের দলের আত্মবিশ্বাস বলা যায় তলানিতেই আছে এখন। কিন্তু প্রথম ম্যাচে কেন ওই ব্যাটিং-ব্যর্থতা, কেন ১৪০ আর ১৫২ রানে অলআউট হয়ে যাওয়া—এসবের কোনো কারণ খঁুজে পাচ্ছেন না প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বারবাডোজের গতিময় বাউন্সি উইকেট একটা কারণ হতে পারে। কিন্তু সেটিকে কারণ ধরেও হিসাব মিলছে না।
‘একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বল মুভমেন্ট করবে, বাউন্স হবে। বল পুরোনো হওয়ার সঙ্গে সঙ্গে এসবও কমে আসবে। আমাদের ব্যাটসম্যানরা সে পর্যন্ত অপেক্ষা করতে পারবে না! আর সেটাই বা কীভাবে বলি? প্রথম ইনিংসে তো ওপেনিং জুটি ৬৬ রান করল’—বলছিলেন ফারুক। দুই ইনিংসেই ৫০ ওভারের আগে অলআউট হয়ে যাওয়াও মানতে পারছেন না প্রধান নির্বাচক, ‘আমরা কোনো ইনিংসেই ৫০ ওভার ব্যাট করতে পারিনি! ওই সময় পর্যন্ত বল-উইকেট তো ও রকম থাকবেই৷ সময়টা পার করে দেওয়া পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতে হবে৷’
প্রথম ম্যাচের শিক্ষা কাজে লাগিয়ে সেই ‘টিকে থাকার চেষ্টা’য় সফল না হলে প্রধান নির্বাচকের কপালের ভাঁজ আরও বাড়তে বাধ্য৷