সুপার মার্কেটের নিরাপত্তা প্রহরী, তিনিও আবার সার্জিও রামোস! বিশ্বাস করা যায়? শুনেই হেসে উড়িয়ে দেবেন অনেকে। উড়িয়ে দেওয়ার মতো কথাই তো। রিয়াল মাদ্রিদে খেলে যিনি কাঁড়ি কাঁড়ি টাকা পাচ্ছেন, তিনি কেন সুপার মার্কেটে নিরাপত্তা প্রহরীর চাকরি নেবেন! কিন্তু অবিশ্বাস্য হচ্ছে, এই খবরটাও বিশ্বাস করার মতো লোক আছে! ঘটনা হচ্ছে, স্পেনের টেনেরিফে দ্বীপের মার্কাদোনা সুপার মার্কেটে এক নিরাপত্তা প্রহরীর চেহারা অনেকটাই রামোসের মতো। তো এক ভদ্রলোক সেখানে কেনাকাটা করতে গিয়ে সেই নিরাপত্তা প্রহরীর ছবি তুলে দিয়ে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সঙ্গে বোধ হয় মজা করেই লিখেছিলেন, ‘রামোস চাকরি নিয়েছেন সুপার মার্কেটে।’ ব্যস, সেটাই ভাইরাস হয়ে ছড়িয়ে পড়েছে অনলাইনে! যে বিভ্রান্তি কাটাতে খোদ রামোসকে টুইটারে বলতে হয়েছে, ‘আমি আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি যে আমার সঙ্গে মার্কাদোনার কোনো চুক্তি হয়নি।’ ইএসপিএন।