বিমান যখন রেলওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকচকে হলুদ জার্সি গায়ে হাসিমুখে ঘোরাফেরা করছিলেন নারায়ণগঞ্জের শাটলার ও বর্তমান চ্যাম্পিয়ন এনায়েত উল্লাহ খান। পল্টন উডেনফ্লোরে তাঁর সঙ্গে ঘুরছিলেন শাপলা আক্তার ও নাবিলা আক্তার। কাল জাতীয় ব্যাডমিন্টনের প্রথম দিনে উল্টো দৃশ্য দেখা গেল রেলওয়ে শিবিরে। নীল জার্সি গায়ে শুকনো মুখে দাঁড়িয়ে আহসান হাবিব (পরশ), রইচ উদ্দিন ও সাইফ উদ্দিন।মুখের হাসিটা চাইলেও ফিরিয়ে আনতে পারছেন না আহসান হাবিবরা, এত দিন যে তাঁদের ‘ট্রেডমার্ক’ পরিচয় ছিল বিমানের খেলোয়াড় হিসেবেই। ১৯৯৮ সাল থেকে বিমানের হয়ে খেলেছেন আহসান। ক্রীড়াঙ্গন থেকে বিমান বিদায় নেওয়ায় এবার খেলতে হচ্ছে রেলওয়ের হয়ে।সেই ১৯৭৯ সালের পর এই প্রথম জাতীয় ব্যাডমিন্টনে বিমান নেই। ব্যাপারটা মানতেই পারছেন না আহসান, ‘বিমান দল না থাকলে আসলে মনেই হয় না যে ব্যাডমিন্টনে কোনো দল আছে। এই দলকে ঘিরে আমাদের অনেক স্মৃতি। আজ ন্যাশনালে খেলতে এসে সেগুলো খুব মনে পড়ছে।’সিনিয়র ও জুনিয়র মিলিয়ে বিমানের ছয় শাটলারকে নিয়েছে রেলওয়ে। হকি-অ্যাথলেটিকসে তিন বছর ধরে দল গড়ে আসা রেলওয়ে ব্যাডমিন্টনের জাতীয় আসরে খেলছে দ্বিতীয়বার। তবে ভবিষ্যতে পরিধি আরও বাড়বে বলেই জানালেন রেলওয়ের বিভাগীয় ম্যানেজার সরদার শাহাদাত আলী, ‘আমরা এক এক করে আরও খেলায় অংশ নিতে চাই। তবে এ ক্ষেত্রে ফেডারেশনগুলোর আরও সহযোগিতা করতে হবে। আমাদের বাজেটের সীমাবদ্ধতা আছে। তার পরও ভালো খেলোয়াড় নিয়ে দল গড়তে চাই। আশা করি, আগামী বছর বাজেট আরও বাড়বে। দলও বাড়বে।’