বিমান হ্যাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ। খানিক পরই শুরু হবে স্পেন-জার্মানির সেমিফাইনাল। ডারবান বিমানবন্দরে প্রচণ্ড ভিড়। একের পর এক ব্যক্তিগত বিমান নামছে রানওয়েতে। সবই ডাকসাইটে রাজনীতিবিদ, ব্যবসায়ী বা বহুজাতিক সংস্থার নির্বাহীদের। ওদিকে বাণিজ্যিক বিমানে যারা নামবে, তাদের অবস্থা দফারফা। অনেক বিমান শেষ পর্যন্ত নামতেই পারল না। আর যেগুলো নেমেছিল, সেগুলোও অনেক দেরি করে । প্রিয় দলের খেলা দেখবেন বলে যাঁরা অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলেন, তাঁদের হলো স্বপ্নভঙ্গ। অনেকেই ঠিক সময়ে স্টেডিয়ামে পৌঁছাতে পারেননি। সেদিন ৭০০-​এরও বেশি ব্যক্তিগত বিমান নেমেছিল ডারবানে! একই পরিস্থিতির পুনরাবৃত্তি এবারও হতে পারে। ব্রাজিলের বিমানবন্দরগুলোতে সাধারণত যে পরিমাণ বিমান নামে, ধারণা করা হচ্ছে এবার সংখ্যাটা দ্বিগুণ হবে। আর বড় ম্যাচ হলে তো সেটা আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে। এ কারণে ব্রাজিল কর্তৃপক্ষ আগে থেকেই সাবধান। এর মধ্যেই বিশৃঙ্খলা এড়াতে বিমান অবতরণ-উড্ডয়নের নির্দিষ্ট সময়সূচি বেঁধে দেওয়া হচ্ছে৷ দেখাই যাক, কী হয়! এএফপি৷