বিমানবন্দর থেকে ফিরে এল ফুটবল দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠমান্ডুগামী বিমানের হজরত শাহজালাল বিমানবন্দর ছাড়ার কথা ছিল কাল সকাল ৯টা ৫০ মিনিটে। সেই অনুযায়ী বাংলাদেশ ফুটবল দল সকালে বিমানবন্দরে যায়। কিন্তু সেখানে গিয়ে শোনে বাংলাদেশ বিমানের ওই উড়ানের যাত্রা বাতিল করা হয়েছে। এক দিন পিছিয়ে আজ সকাল ১০টা ৫০ মিনিটে সেটি কাঠমান্ডু যাবে। তাই ফিরে আসতে হলো ফুটবল দলকে।উড়ান বাতিলের খবর আগে পায়নি বাংলাদেশ দল। তবে বিমান কর্তৃপক্ষ ফুটবল দলকে জানিয়েছে, শুক্রবার রাত ১০টায় উড়ান বাতিলের তথ্য দেওয়া হয় ওয়েবসাইটে। এটা বাংলাদেশ দলের জানা ছিল না। এ কারণেই এই বিড়ম্বনা।তবে এমন ঘটনা ব্যতিক্রম। এর আগে কখনো এভাবে তথ্যবিভ্রাটে বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়েছে কি না বাংলাদেশ দলকে, তা কেউই মনে করতে পারলেন না। বাংলাদেশ দল ৩১টি টিকিট কিনেছে, উড়ান বাতিল হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে তা জানানো উচিত ছিল বিমান কর্তৃপক্ষের—অভিমত ফুটবল-সংশ্লিষ্ট ব্যক্তিদের। জাতীয় দলের যাত্রা মানে সেটি বিশেষ গুরুত্ব দাবি করে। বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী বললেন, ‘আমি একটু আগেই বিমানবন্দরে চলে গিয়েছিলাম। গিয়ে দেখি নেপালগামী বাংলাদেশ বিমানের কোনো উড়ানের নাম-নিশানাও নেই। একবার এদিকে যাই, একবার ওদিকে। তারপর দল এল। সবাই হতভম্ব। শেষে কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট বাতিল।’১৮ ও ২০ সেপ্টেম্বর নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের। তবে দ্বিতীয়টি ২১ সেপ্টেম্বর খেলতে চায় বাংলাদেশ। ওদিকে এই দুটি ম্যাচ আন্তর্জাতিক মর্যাদা পাবে কি না, তা গতকাল পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি বাফুফে।