বিমানবন্দর থেকে ফেরত গেলেন মাবিয়া

গত বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাবিয়া আক্তার সীমান্তকে প্রথম দর্শনে পাওয়া গেল বেশ খোজ মেজাজেই। টুর্নামেন্ট খেলতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হবেন, চনমনেই থাকার কথা। কিন্তু একটু পরেই পাল্টে গেল দৃশ্যপট। ভিসা জটিলতার কারণে কোরিয়ায় যেতে পারেননি ‘স্বর্ণকন্যা’। অগত্যা ফিরে যেতে হয়েছে বাসায়।
কাল থেকে কোরিয়ায় অনুষ্ঠিত হবে সিনিয়র এশিয়ান কাপ ভারোত্তলন প্রতিযোগিতা। সেখানে অংশ নেওয়ার কথা ছিল মাবিয়া আক্তার ও রোকেয়া সুলতানার। তাঁদের সঙ্গে কোচ হিসেবে ছিলেন শাহরিয়া সুলতানা সূচি। কিন্তু ভিসা জটিলতার কারণে তা আর সম্ভব হলো না।
ভিসা পাওয়া গিয়েছিল বলেই তাঁরা বিমানবন্দরে এসেছিলেন। বিপত্তিটা হলো মাবিয়া আক্তারের পাসপোর্টে লেগেছে কোচ শাহরিয়া সুলতানার ভিসা। আর কোচ শাহরিয়া সুলতানার পাসপোর্টে লেগেছে মাবিয়া আক্তারের ভিসা। অবশ্যই বিরাট ভুল। কিন্তু বিমানবন্দরে আসার আগে তা আর কারও খেয়াল করা হয়নি। বোর্ডিং পাস নেওয়ার সময়েই বিষয়টা তাঁদের নজরে আনে কর্তৃপক্ষ। রাত দুইটায় থাই এয়ারওয়েজে ফ্লাইটে থাইল্যান্ড হয়ে কোরিয়া যাওয়ার কথা ছিল। বোর্ডিং পাসের সময় আটকে দিলে মধ্যরাতেই বাসায় ফেরত যেতে হয় তাঁদের। এ নিয়ে মাবিয়া আক্তার বলেন, ‘একসঙ্গে কাগজ জমা দেওয়া হয়েছিল। সেখানেই হয়তো ভুলটা হয়েছে।’