দল এল মাত্র তিনটি। দলবদল হলো ২৪ ক্রিকেটারের। প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদলের প্রথম দিন নিষ্প্রাণই হওয়ার কথা। কিন্তু সেই অর্থে নিষ্প্রাণ হলো না। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সিসিডিএমের খেলোয়াড় দলবদল কক্ষটা দুই দফায় সরগরম করে তুলল ব্রাদার্স ও বিমান।তবে সবার আগে দলবদল কক্ষে আসে সিসিএস। কর্মকর্তাদের সঙ্গে খেলোয়াড় হাতে গোনা কয়েকজন। তাঁদের মধ্যে পেসার রবিউল ইসলাম গতবারও সিসিএসেই খেলেছেন। কাল এই ক্লাবে সই করা অন্যদের মধ্যে আছেন কলাবাগান ছেড়ে আসা রকিবুল হাসান ও ওল্ড ডিওএইচএসের রাশেদ হানিফ।বেশ খানিক পর আসে ব্রাদার্স ইউনিয়ন। গত তিন মৌসুম প্রথম বিভাগে খেলা এই ক্লাব এবার অনেকটা নতুন চেহারাই নিয়েছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আ জ ম নাসির দায়িত্ব নিয়েছেন ক্রিকেট কমিটির প্রধানের। বড় বাজেটের দলটিতে নতুন মুখ বেশ কয়েকটি। কাল এই ক্লাবে সই করাদের মধ্যে উল্লেখযোগ্য অভিষেক টেস্টেই আলো ছড়ানো ক্রিকেটার ও গতবার মোহামেডানে খেলা নাজিমউদ্দিন, প্রাইম দোলেশ্বরের রুবেল হোসেন, মোহামেডানের নাফিস ইকবাল, ওল্ড ডিওএইচএসের আফতাব আহমেদ, সূর্যতরুণের আবদুর রাজ্জাক, ধীমান ঘোষ ও বিমানের তুষার ইমরান। পুলের ক্রিকেটার হিসেবে আছেন রাজ্জাক ও রুবেল। এ ছাড়া পাকিস্তানের উমর আকমলকেও নিশ্চিত করেছে কমলা রঙের দলটি। আলোচনা চলছে সোহেল তানভিরের সঙ্গেও। প্রতি দলে এবার পুলের ক্রিকেটার নেওয়া যাবে দুজন করে। বিদেশি খেলোয়াড় নিবন্ধন করানো যাবে সর্বোচ্চ আটজন, প্রতি ম্যাচে খেলানো যাবে সর্বোচ্চ তিনজনকে।দলবদলের প্রথম দিনে সবচেয়ে আলোচিত নাম মাশরাফি বিন মুর্তজা। আবাহনীর মাশরাফি বিমানে নাম লেখাচ্ছেন, দুপুরের মধ্যেই ছড়িয়ে যায় এই খবর। মাশরাফিকে নিয়ে বিমান এল সন্ধ্যার দিকে। বিমানে সই করা অন্য উল্লেখযোগ্য খেলোয়াড়েরা হলেন সূর্যতরুণের জুনায়েদ সিদ্দিক ও ওল্ড ডিওএইচএসের জাভেদ ওমর। পুলের খেলোয়াড় মাশরাফি ও জুনায়েদই।সর্বশেষ ২০০৬ সালে বিমানের হয়ে খেলা মাশরাফি গত চার বছর ছিলেন আবাহনীর তাঁবুতে। কিন্তু চোট-আঘাতের কারণে স্বাভাবিক খেলা খেলতে পেরেছেন কমই। কখনো অফস্পিনার হয়ে, কখনো বা বিশ্রাম দিয়ে, কোনো মৌসুমে হয়তো মাঠেই নামতে পারেননি। সর্বশেষ পাওয়া হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এবার আবাহনী থেকে কিছু বলা হয়নি তাঁকে। মাশরাফিও মনে করেছেন এই অবস্থায় নামী দলে খেলাটা চাপ হয়ে দাঁড়াবে। ‘আবাহনীর কর্মকর্তাদের আমিই ফোন করে বলেছি বিমানে খেলব। বিমানও বড় দল। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়ে তারা। বিমানকে আমি ধন্যবাদ জানাই যে পুলের খেলোয়াড় হিসেবেই তারা আমাকে দলে নিয়েছে’—সই করার পর বলেছেন মাশরাফি।বিমানের সঙ্গে ঠিক সেই অর্থে আর্থিক চুক্তি হয়নি মাশরাফির। জাতীয় দলের ফিজিওর অনুমতি সাপেক্ষে কেবল বড় দলের বিপক্ষে ম্যাচেই হয়তো দেখা যাবে তাঁকে। টাকাপয়সার লেনদেনটাও হওয়ার কথা ম্যাচ ধরে ধরেই, ‘এখানে সবচেয়ে বড় সুবিধা, আমি আমার ইচ্ছামতো খেলতে পারব। আর টাকাপয়সা জীবনে অনেক পেয়েছি। আমার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জাতীয় দলে ফেরা।’পুনর্বাসন প্রক্রিয়ায় মোটামুটি ভালোই এগিয়েছেন মাশরাফি। আরও দুই সপ্তাহ রানিংয়ের পর অল্প রানআপে বোলিং শুরু করতে পারবেন। এর মধ্যেই মাশরাফির আফসোস, ‘প্রিমিয়ার লিগটা জানুয়ারির মাঝামাঝিতে শুরু হলে হয়তো সব ম্যাচই খেলতে পারতাম।’ চলতি মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা ২৬ ডিসেম্বর থেকে।দুই দিনব্যাপী দলবদল শেষ হবে আজ।