বিমানে জিয়া-রিফাতের শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরেই বড় এক পৃষ্ঠপোষক হয়ে ছিল বাংলাদেশ বিমান। কয়েকটি খেলায় বিমান মানেই চ্যাম্পিয়ন—এমন ধারণাই প্রতিষ্ঠা পেয়ে গিয়েছিল। তবে আস্তে আস্তে সেটি বদলে যাচ্ছে।ক্রিকেটে একসময়ের বড় শক্তি বিমান এখন প্রতিপত্তিহীন। সম্প্রতি টিটি লিগে ‘চ্যাম্পিয়ন’ বিমান দল গড়েছিল টিকে থাকার জন্য। আগামীকাল শুরু দশ দলের প্রথম বিভাগ দাবা লিগে বিমান দলটার অবস্থাও তথৈবচ। তারকাহীন ম্রিয়মাণ এক দল গড়ছে তারা। ব্যাডমিন্টনেও একই অবস্থা। ক্রীড়াঙ্গনে এখন এ চারটি দল আছে বিমানের।দাবা লিগে বিমান বরাবর এক নম্বর শক্তি। খুব পেছনে যাওয়ার দরকার নেই। গত পাঁচটি দাবা লিগের চারটিতে বিমান চ্যাম্পিয়ন, একবার রানার্সআপ। দেশের শীর্ষ দাবাড়ুরা এই দলে খেলে এসেছেন বরাবর। কয়েক বছর ধরেই সমস্যা যাচ্ছিল। শেষমেশ এবার ভাঙা হাট।এবার নতুন ঠিকানায় নাম লেখাতে বাধ্য হয়েছেন তারকারা। ২০ বছরেরও বেশি সময়ের দুই সারথি জিয়া-রিফাত বিমান ছেড়েছেন, জিয়ার ঠিকানা মোহামেডান। রিফাতের ডেসটিনি। গত বছর নিয়াজ মোরশেদ খেলেছিলেন, তিনি মোহামেডানে। থেকে গেলেন আবু সুফিয়ান। টিকে থাকার লড়াইয়ে আনা হচ্ছে ভারতীয় দুই আন্তর্জাতিক মাস্টার সপ্তর্ষি রায় ও প্রাভিন কুমারকে। কেন বিমানের এই হাল? বিমানের তথ্য ও প্রযুক্তি ব্যবস্থাপক দাবা দলের ম্যানেজার মির্জা এনামুল হোসেন জানাচ্ছেন, ‘বিমান দাবাড়ুদের সরাসরি টাকা দেয় না। ইউরোপ এবং হজ ফ্লাইটের টিকিট দেওয়া হয়েছে এত দিন। কিন্তু এবার আর্থিক সংকটে এই দুটি ফ্লাইটের টিকিট দেওয়া যাচ্ছে না।’কারণ যা-ই হোক, বিমানের বড় দল না করা মানে দাবার ক্ষতি। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের কথা, ‘দাবায় বিমানের অবদান অসাধারণ। আমাদের গ্র্যান্ডমাস্টার হওয়ার পেছনে বিমান রেখেছে বিশাল অবদান। বিশেষ করে বিদেশে যাওয়ার ব্যাপারে। বিমানে আর্থিক সমস্যা চলছে। বাধ্য হয়েই দল ছেড়েছি।’জিয়া বিমানে খেলেছেন টানা ২৩ বছর (১৯৮৭-২০১০)। গ্র্যান্ডমাস্টার রিফাত ২২ বছর (১৯৮৮-২০১০)। গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত। এনামুল হোসেন (রাজীব) ছিলেন বছর দুয়েক। নিয়াজ মোরশেদ আসা-যাওয়ার মধ্যে কাটিয়েছেন।এই বন্ধন ছিন্ন করা কতটা হতাশার? জিয়ার কথা, ‘একটা সময় এমন অবস্থা হবে জানতাম। মানসিকভাবে প্রস্তুতই ছিলাম। তবে খুবই খারাপ লাগছে।’রিফাতেরও একই অনুভূতি, ‘ক্যারিয়ারে সবই বিমানের খেলতে খেলতে অর্জন করলাম। মোহামেডানের ফিরে আসা দাবার জন্য ভালো খবর। এটা ধরে রাখতে হবে। চাইব, বিমান ফিরে আসুক স্বমহিমায়।’উল্লেখ্য, এবার দাবা লিগে খেলছে বিমান, তিতাস, ডেসটিনি, নারায়ণগঞ্জ প্রীতম ক্লাব, বশির মেমোরিয়াল, নেবুলা চেস ক্লাব, ইগনিশান, এয়ার ডেসটিনি, লিওনাইন ও মোহামেডান।এদিকে বর্তমান কমিটির ওপর অনাস্থা জানিয়ে খেলা থেকে এখনো দূরেই আছেন রাকিব-রাজীবরা। কাল দাবা ফেডারেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজীবকে আড়াই লাখ টাকা প্রস্তাব করেছে তিতাস ক্লাব। কিন্তু রাজীব রাজি হননি খেলতে। বর্তমান কমিটির প্রতি এটা তাঁর প্রতিবাদ।বিমানের ভগ্নদশার পাশে এটিও দাবার জন্য দুঃসংবাদ।