১৯৭৭ সালে লিগের শুরু থেকেই দাবায় ছিল বাংলাদেশ বিমানের আধিপত্য। আশির দশকের শুরু থেকে ২০০৮ পর্যন্ত ঘুরেফিরে হয় চ্যাম্পিয়ন না হয় রানার্সআপ হয়েছে বিমান। কিন্তু দাবায় ধারাবাহিকভাবে বিমানের মতো সাফল্যের কাহিনি লিখতে পারেনি আর কোনো দল। বর্তমান চ্যাম্পিয়ন নৌবাহিনী চেষ্টা করছে বিমানের জায়গাটা নেওয়ার।
আগামী পরশু শুরু প্রিমিয়ার দাবা লিগেও যথারীতি শক্তিশালী দলই গড়েছে প্রতিরক্ষা বাহিনীর দলটি। অথচ আরেক বড় দল মোহামেডান সব রকম প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে দলই গড়েনি! তাদের আইকন দাবাড়ু গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ যোগ দিয়েছেন নতুন ক্লাব শেখ রাসেল স্মৃতি স্পোর্টিং ক্লাবে। মোহামেডান না থাকায় দশ দলের লিগটি এবার হচ্ছে নয় দলের।
নৌবাহিনীতে আছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। মোহামেডান ছেড়ে এবার নৌবাহিনীতে যোগ দিয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। শক্তি বাড়াতে তাঁদের সঙ্গী বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর।
২০১২ সালে দুরন্ত রাজশাহী নামে প্রথম প্রিমিয়ার লিগে খেলে নৌবাহিনী। এরপর থেকে নৌবাহিনী নামে অংশ নিয়ে ২০১৩ সালে রানার্সআপ হয়। ওই বছর বাংলাদেশ গেমসে জেতে রুপা। গত লিগের চ্যাম্পিয়ন নৌবাহিনী এবারও চ্যাম্পিয়ন হতে চায়। এই দলের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বললেন, ‘আমরা তিন জিএম ছাড়াও দলে আছে বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন। এবারের দলটা তাই খুব শক্তিশালী হয়েছে। এবারও চ্যাম্পিয়ন হতে চাই।’
তবে কি ধীরে ধীরে বিমানের জায়গাটা নৌবাহিনী নিতে যাচ্ছে? জিয়ার উত্তর, ‘নৌবাহিনী দাবাড়ুদের জন্য যথেষ্ট করছে। শুধু সেরা দাবাড়ুদেরই নয়, মাঝারি মানের খেলোয়াড়দেরও চাকরি দিয়েছে। বিমানের একটা ভালো বিকল্প হতে যাচ্ছে নৌবাহিনী।’