বিয়ে করছেন ওয়াসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনের ইনিংসের নতুন সঙ্গী শানেইরা থমসনের সঙ্গে ওয়াসিম আকরাম। ছবি: জঙ নিউজ
জীবনের ইনিংসের নতুন সঙ্গী শানেইরা থমসনের সঙ্গে ওয়াসিম আকরাম। ছবি: জঙ নিউজ

দেড় বছর আগে তাঁদের পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, প্রেম। সেসবের পাঠ চুকিয়ে এবার ঘর বাঁধতে চলেছেন পাকিস্তানের কৃতী ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। ‘অস্ট্রেলিয়ান হেরাল্ড’-এর খবরে বলা হয়, জীবনের নতুন ইনিংসে তাঁর সঙ্গী হচ্ছেন অস্ট্রেলীয় প্রেমিকা শানেইরা থমসন। খবরটা নিছক গুঞ্জন নয়, আজ সোমবার নিশ্চিত করেছেন ওয়াসিম নিজেই। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, আগামী বছর বিয়ে করছি। দেড় বছর ধরে আমি ওকে চিনি। আমি ভাগ্যবান যে, জীবনে এ ধরনের আরেকটি সুযোগ পেলাম।’ ২০০৯ সালের ২৫ অক্টোবর ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে মারা যান ওয়াসিমের প্রথম স্ত্রী হুমা। ওয়াসিম-হুমার ১৪ বছরের সংসারে তৈমুর ও আকবর নামের দুই ছেলে রয়েছে। ওয়াসিম আকরাম জানান, শানেইরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে পাকিস্তানে বসবাস করবেন তিনি। শ্বশুর-শাশুড়ির সম্মতি অনুসারেই বিয়ে করছেন বলে জানান পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘আমার ছেলেদের সঙ্গে ওর (শানেইরা) সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বিয়েতে আমার শ্বশুর-শাশুড়িরও সম্মতি আছে। শানেইরার সঙ্গে দেখা করে কথা বলেছেন তাঁরা। নতুন জীবন শুরু করতে চলেছি। আশা করছি, পরিবার ও ভক্তদের আশীর্বাদে নিজেদের ভালোভাবেই গুছিয়ে নিতে পারব আমরা।’ সাবেক জনসংযোগ বিশেষজ্ঞ শানেইরার সঙ্গে ওয়াসিমের সম্পর্কের শুরুটা কীভাবে হলো, তা বিস্তারিত জানাননি ওয়াসিম। তবে অস্ট্রেলীয় গণমাধ্যমের খবর, শানেইরার শোবার ঘরে তাঁর সামনে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন ওয়াসিম।

ওয়াসিমের বিয়ে নিয়ে এর আগে যথেষ্ট গুঞ্জন হয়েছে। সর্বশেষ গত এপ্রিলে খবর বেরোয়, বলিউডের অভিনেত্রী সুস্মিতা সেনকে বিয়ে করছেন তিনি। তবে সাবেক বিশ্বসুন্দরীর পক্ষ থেকে খবরটা নিছক ‘গুজব’ বলে উড়িয়ে দেওয়া হয়। ওয়াসিম-সুস্মিতার সম্পর্কের গুঞ্জনটা অবশ্য বেশ পুরোনো। ২০০৮ সালে প্রচারিত নাচবিষয়ক এক রিয়েলিটি শোর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তাঁরা। অনুষ্ঠানের সেটে পরিচয়ের পর থেকেই তাঁদের প্রেমের খবরের ডালপালা মেলে। সেসব গুঞ্জন এখন শুধুই অতীত।