বিয়ে করেননি শারাপোভা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারাপোভার আঙুলের এই আংটি নিয়েই যত গুঞ্জন  ফাইল ছবি
শারাপোভার আঙুলের এই আংটি নিয়েই যত গুঞ্জন ফাইল ছবি

কোর্টে নেই তো কী! মারিয়া শারাপোভা সব সময়ই খবরের উৎস! এবারের ঘটনার কথাই ধরুন না। স্রেফ একটা আংটিরই তো ব্যাপার। তা দিয়েই পুরো সপ্তাহ গণমাধ্যম আর কৌতূহলী মানুষদের বুঁদ করে রাখলেন রুশ সুন্দরী। কাঁধের চোটের কারণে শেষ মুহূর্তে ইউএস ওপেন থেকে সরে দাঁড়ান। তারপর আর কোর্টেও নামেননি। কিন্তু শারাপোভা শুধু খবরই হলেন না, সপ্তাহজুড়েই থাকলেন আলোচনায়। গত সপ্তাহে রুশ তারকা সবাইকে চমকে দেন নিউইয়র্কের এক ফ্যাশন শোতে গিয়ে। নজরকাড়ার উপাদান যথেষ্টই ছিল। তবে পোশাক নয়, দর্শকদের দৃষ্টি কাড়ে শারাপোভার আঙুলে শোভা পাওয়া চকচকে আংটিটি।

শারাপোভার আঙুলে শোভা পাওয়া চকচকে আংটিটি
শারাপোভার আঙুলে শোভা পাওয়া চকচকে আংটিটি

সঙ্গে সঙ্গে ফিসফাস শুরু হয়ে যায়—শারাপোভার অনামিকায় আংটি এল কোত্থেকে? তবে কি প্রেমিক গ্রিগর দিমিত্রোভের সঙ্গে গোপনে বাগদানপর্বটা সেরে ফেলেছেন রুশ তারকা? ফিসফাস থেকে মুহূর্তেই রাষ্ট্র।অবশেষে গুঞ্জনটি উড়িয়ে দিলেন শারাপোভা। দ্য ডেইলি মেইল-এর খবরে বলা হয়েছে ল্যারি কিংকে দেওয়া সাক্ষাৎকারে রুশ তারকা বলেছেন, এটা ভুয়া খবর, বিয়ে তাঁরা করেননি। ‘না, আমি কিছু জানি না তো। আমরা বিয়ে করিনি। আমি তার সঙ্গে প্রেম করছি। সে ভালো খেলোয়াড়। টেনিসের ট্যুরের কারণে আমি তাকে অনেক বছর ধরেই চিনি। তবে আমরা বিয়ে করিনি’—শারাপোভার উত্তর।শারাপোভা উড়িয়ে দিলেও গুঞ্জনের একটা ভিত্তি কিন্তু ছিলই। এর আগে সাবেক প্রেমিক স্লোভেনিয়ান বাস্কেটবল খেলোয়াড় শাশা ভুয়াচিচের সঙ্গে বাগদান হয়েছিল শারাপোভার। যদিও শেষ পর্যন্ত সম্পর্কটা টেকেনি। গত বছরই ওই সম্পর্কটা চুকে যাওয়ার পর ২৬ বছর বয়সী শারাপোভা নতুন করে প্রেমে মজেছেন ২২ বছর বয়সী দিমিত্রোভের। বিয়ে করেননি, শারাপোভার উত্তরটাকে সত্য ধরলেও প্রশ্ন কিন্তু ওঠেই, তবে কি খবর হওয়ার জন্যই আংটিটি অনামিকায় উঠিয়েছিলেন তিনি? ওয়েবসাইট।