বিয়ে নিয়ে ব্যস্ত বালোতেল্লি !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বালোতেল্লির সঙ্গে ফোর্তালেজা বিমানবন্দরে নেগুয়েশা। ছবি: এএফপি।
বালোতেল্লির সঙ্গে ফোর্তালেজা বিমানবন্দরে নেগুয়েশা। ছবি: এএফপি।

১৫ জুন মানাউসে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইতালি। আজ্জুরিদের গুরু সিজার প্রানদেল্লি ব্যস্ত রণকৌশল সাজাতে! ইংলিশদের ঘায়েল করতে সম্ভাব্য রণকৌশল নিয়ে ব্যস্ত বুফন-পিরলোরাও। সবার মাথায় যখন বিশ্বকাপ, তখন মারিও বালোতেল্লির ভাবনা বিয়ে নিয়ে! টুইটারে জানিয়েই দিলেন, বিয়ের সবুজসংকেত দিয়েছে বান্ধবী ফ্যানি নেগুয়েশা!

অবশ্য বালোতেল্লির সঙ্গে নেগুয়েশার সম্পর্কটা অনেক ট্রাফিক বাতির মতো—এই লাল, এই সবুজ! সম্পর্কের গ্রাফে ওঠা-নামাটা একটু বেশিই। তবে এবার সম্পর্ক স্থায়ীকরণে উদ্যোগ নিয়েছে এ জুটি। ইতালিয়ান স্ট্রাইকার বেলজিয়ান মডেলের উদ্দেশে ইংরেজি-ইতালি ভাষায় টুইটারে লিখেছেন, ‘‘সে ‘হ্যাঁ’ বলেছে...জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মতি। এটিই আমার প্রশ্ন ছিল! তোমাকে ভালোবাসি। একই সঙ্গে শুভ জন্মদিন! স্ত্রীকে বড্ড ভালোবাসি।’

রিও ডি জেনিরোর বালুকাবেলায় প্রিয়তমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন মিলান তারকা। এরপর প্রিয় মুহূর্তের ছবিও ইনস্টগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। প্রেমিকপ্রবরের সেই পোস্টের দারুণ জবাব দিয়েছেন নেগুয়েশা, ‘জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ “সম্মতি” জানিয়েছি আজ রাতে। আমার জন্মদিনে এটিই ছিল সবচেয়ে বড় উপহার। তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি অনন্য স্বামী।’ অবশ্য দুজনের কোথায়, কবে, কখন বিয়ে হবে, সেটি এখনো জানা যায়নি। এএফপি।