বিরক্ত ডমিঙ্গো

বাংলাদেশে এসেই ফ্যাফ ডু প্লেসিস নিজেদের ‘আন্ডারডগ’ দাবি করেছিলেন। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের দাবি সত্যি মানলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা বড় অর্জনই। সবাই কিন্তু সে রকম মনে করছেন না। ভারতের বিপক্ষে সেমিফাইনালে প্রোটিয়াদের কৌশল নিয়ে কিন্তু বেশ সমালোচনা হয়েছে। তবে কোচ রাসেল ডমিঙ্গো থাকছেন শিষ্যদের পাশেই।
সবচেয়ে বেশি শুনতে হচ্ছে, এবি ডি ভিলিয়ার্সকে কেন তিনে নামানো হলো না? সুপার টেনে ইংল্যান্ড ম্যাচে তিনে নেমে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এবি। অথচ পরের ম্যাচেই তাঁকে নামিয়ে দেওয়া হলো পাঁচে। ডমিঙ্গোর আত্মপক্ষ সমর্থন, ‘এবি প্রসঙ্গ নিয়ে কথা বলতে বলতে আমি বিরক্ত। এবি আমাদের হয়ে অনেকবারই তিনে ব্যাটিং করেছে, কিছু সাফল্যও পেয়েছে। কিন্তু প্রথম ওভারেই ব্যাট করতে নামা তার জন্য আদর্শ সময় নয়। আমরা যখন ভালো একটা শুরু পাই, সেটাই এবির ব্যাট করার সবচেয়ে ভালো সময়।’
দক্ষিণ আফ্রিকা কোচের সংযোজন, ‘পরিসংখ্যানের কথা যদি বলি, দক্ষিণ আফ্রিকাই শুধু নয়, বেঙ্গালুরুর (আইপিএল দল) পক্ষেও সে নিজেই সবার আগে স্বীকার করবে, মঞ্চ তৈরি থাকলেই সে সবচেয়ে ভালো খেলে। টি-টোয়েন্টিতে সে বিরাট কোহলির চেয়ে আলাদা খেলোয়াড়। আর আমাদের দলের জন্য যেটা ভালো, সেভাবেই সবাইকে কাজে লাগাতে হবে। একজনের ওপর নির্ভর করে দলের পরিকল্পনা সাজানো বোকামি। আমি মনে করি আমাদের নিয়ে অন্যায্য সমালোচনা হয়েছে।’
পরিসংখ্যান অবশ্য ডমিঙ্গোকেই সমর্থন করছে। ইংল্যান্ড ম্যাচেও আমলা-ডি ককের এনে দেওয়া ভালো শুরুর ওপর দাঁড়িয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন ডি ভিলিয়ার্স। ভারত ম্যাচে পাঁচ ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা। পাঁচে নেমে ডি ভিলিয়ার্স করতে পেরেছেন মাত্র ১০ রান। আর টি-টোয়েন্টিতে তিনের চেয়ে চারে নেমেই বেশি সাফল এবি।
তবে সত্যিটা হচ্ছে, শেষ পর্যন্ত বোলিংই ডুবিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এর আগ পর্যন্ত দুর্দান্ত ডেল স্টেইন ভারতের বিপক্ষে ছিলেন নখদন্তহীন। ওই ম্যাচে অবশ্য স্টেইনকে আনা হয়েছে তৃতীয় ওভারে। শুরুতে কি আনা যেত না? শ্রীলঙ্কার বিপক্ষে স্টেইন শুরুতে বল করে ১৭ রান দিয়েছিলেন মনে করিয়ে ডমিঙ্গোর ব্যাখ্যা, ‘পরিসংখ্যান জানাচ্ছে, ব্যাটসম্যানরা প্রথম দুই ওভার বেশি সাবধান থাকে। সে জন্য জেপিকে (ডুমিনি) দিয়ে শুরু করানো ভালো মনে হয়েছিল।’ ওয়েবসাইট।