বিরক্তি ভুলিয়ে নতুন কিছু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার লড়াই। অ্যাটলেটিকোর বিপক্ষে আজ ঘরের মাঠে নামছে চেলসি। মরিনহোর দল কাল অনুশীলনে শেষবারের মতো তৈরি করে নিল নিজেদের  এএফপি
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার লড়াই। অ্যাটলেটিকোর বিপক্ষে আজ ঘরের মাঠে নামছে চেলসি। মরিনহোর দল কাল অনুশীলনে শেষবারের মতো তৈরি করে নিল নিজেদের এএফপি

আজ গোলের চেষ্টা করবে কোনো দল? নাকি পোস্টের সামনে আবারও দেয়াল তুলে রাখার কৌশল? দেড় ঘণ্টা বা তার চেয়েও বেশি
সময় ধরে আরও একটা বিরক্তিকর ফুটবল ম্যাচ?
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে চেলসি-অ্যাটলেটিকো ম্যাচের আগে এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফুটবল-পিপাসুদের
মনে। সপ্তাহ খানেক আগে প্রথম লেগের গোলশূন্য ম্যাচটা মনে থাকলে অবশ্য এমন মনে হওয়া অস্বাভাবিক কিছু নয়। ভিসেন্তে ক্যালদেরনে
সেদিন যা হয়েছে সেটি ট্যাকটিকসের বিচারে কতটা কার্যকর তা বিশ্লেষণ করবেন ফুটবল-বোদ্ধারা। কিন্তু সাধারণ ফুটবলপ্রেমীদের কাছে
যে ম্যাচটা বিরক্তিকর হয়ে উঠেছিল তাতে সন্দেহ নেই কোনো।
সেই বিরক্তি ভুলিয়ে আজ টানটান উত্তেজনার একটা ম্যাচ হোক এটাই চাইছে ফুটবল-পিপাসুরা। কিন্তু দুই দল সেই পথে হাঁটবে আশা
করা একটু বাড়াবাড়িই মনে হচ্ছে।
প্রথম লেগে অ্যাটলেটিকোর চেয়ে বেশি রক্ষণাত্মক ছিল চেলসি। আজ নিজের মাঠে অবশ্য সেই একই কৌশল নিয়ে খুব একটা লাভ হবে
না। ২৪ মে লিসবনের ফাইনাল নিশ্চিত করতে চাইলে স্টামফোর্ড ব্রিজে জেতা ছাড়া বিকল্প নেই মরিনহোর দলের। গোলশূন্য ড্র হলে ম্যাচ
টাইব্রেকারে গড়াবে, গোল হয়ে ড্র হলে ফাইনালের টিকিট পেয়ে যাবে অ্যাটলেটিকো মাদ্রিদ। নতুন কোনো কৌশল কি ভেবে রেখেছেন
চেলসি কোচ?
ভেবে রাখাটা হোসে মরিনহোর জন্য কঠিন কিছু নয়। লিগে সান্ডারল্যান্ডের কাছে হারের পর শিরোপার লড়াই থেকে প্রায় ছিটকে পড়েছিল
চেলসি। পরের ম্যাচে সেই চেলসিই শীর্ষে থাকা লিভারপুলকে হারিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে। চ্যাম্পিয়নস লিগেও কোয়ার্টার ফাইনালের প্রথম
লেগে পিএসজির কাছে ৩-১ গোলে হারের পর বিদায়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। অথচ সেই চেলসিই ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর
অসাধারণ এক গল্প লিখে সেমিফাইনালে উঠে এল।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রতিপক্ষ অ্যাটলেটিকো বলেই মরিনহোর চ্যালেঞ্জটা একটু বেশি। রক্ষণ কাজে চেলসির চেয়ে পিছিয়ে নেই ডিয়েগো
সিমিওনের দল। তার ওপর পোস্টের নিচে কুর্তোয়ার মতো গোলরক্ষক। চেলসির ‘ঘরের শত্রু’ এই বেলজিয়ান এ মৌসুমে লিগে গোল
হজম করেছেন মাত্র ২২টি। লা লিগায় এবার তাঁর চেয়ে কম গোল খাওয়ার অভিজ্ঞতা নেই অন্য কোনো গোলরক্ষকের। অ্যাটলেটিকোর
দারুণ রক্ষণভাগ এবং শেষ দেয়াল কুর্তোয়াকে ফাঁকি দিয়ে গোল করা কতটা কঠিন, সেটি বোঝাতে একটি ইংলিশ দৈনিক লিখেছে,
‘আলোকচিত্রীদের জন্য ব্রিটিশ যুবরাজের নৈশ ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার ছবি তোলা যতটা কঠিন, এটাও তেমন। অসম্ভব নয়,
কিন্তু এর জন্য অনেক পাহারাদার পেরোতে হবে, লাগবে ভাগ্যের সহায়তাও।’
মরিনহোর কাজটা আরেকটু কঠিন হয়ে যাচ্ছে নিষেধাজ্ঞার কারণে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড আর জন ওবি মিকেলকে না পাওয়ায়, চোটের কারণে
থাকছেন না এক নম্বর গোলরক্ষক পিয়তর চেকও। তবে একই সঙ্গে তাঁর স্বস্তি জন টেরি, এডেন হ্যাজার্ড ও স্যামুয়েল ইতো চোট থেকে
সেরে উঠেছেন। অ্যাটলেটিকোর বিপক্ষে আজ মাঠে নামার সম্ভাবনা আছে তিনজনেরই।
নিষেধাজ্ঞার খড়্গে আজ খেলতে পারবেন না অ্যাটলেটিকোর নিয়মিত অধিনায়ক গ্যাবিও। তাঁকে বাদ দিলে অবশ্য আজ পুরো শক্তির দলই
পাচ্ছেন সিমিওনে। গোলপোস্টের সামনে অ্যাটলেটিকোর অতন্দ্র প্রহরী যদি কুর্তোয়া হন, আক্রমণভাগে আতঙ্ক ছড়াবেন ডিয়েগো কস্তা।
মাঝমাঠে কোকে আর রাউল গার্সিয়াতে উজ্জীবিত অ্যাটলেটিকো শুধু একটা জায়গাতেই পিছিয়ে চেলসির চেয়ে—চ্যাম্পিয়নস লিগের এ পর্যায়ে
খেলার অভিজ্ঞতা। স্প্যানিশ ক্লাবটি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলছে ৪০ বছর পর। চেলসি তো দুই বছর আগেই এ টুর্নামেন্টের
শিরোপা জিতেছে।
কখনোই শিরোপা জিততে না পারা অ্যাটলেটিকোর সেরা ফল ‘৭৪ সালের ফাইনাল। সেটিকে স্পর্শ করতেও আজ অগ্নিপরীক্ষা দিতে হবে
অ্যাটলেটিকোকে। ওয়েবসাইট।

টুকিটাকি

 স্প্যানিশ কোনো ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ১৬ ম্যাচে অপরাজিত চেলসি। শেষবার হেরেছে বার্সেলোনার
কাছে স্টামফোর্ড ব্রিজে, ২০০৬ সালে।
 এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে অ্যাটলেটিকো-চেলসি, তিনবার চ্যাম্পিয়নস লিগে ও একবার ইউরোপিয়ান সুপার
কাপে। দুই দলই জিতেছে একবার করে, দুটি ম্যাচ ড্র।
 এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে একমাত্র অপরাজিত দল অ্যাটলেটিকো মাদ্রিদ, সাত ম্যাচে সাত গোল স্ট্রাইকার ডিয়েগো
কস্তার।
 অ্যাটলেটিকো ৪৫ ভাগ গোল করেছে ম্যাচের প্রথম অথবা শেষ ১৫ মিনিটে। চেলসির ৬১ ভাগ গোল ম্যাচের প্রথমার্ধে।
 ইংল্যান্ডের মাঠে ইউরোপীয় আসরে ৯ ম্যাচে মাত্র একটি জয় অ্যাটলেটিকোর, ১৯৯৭ সালে লিস্টার সিটির বিপক্ষে।