
পাকিস্তান ভারতকে বিশ্বকাপের ম্যাচে হারাতে পারে না, ১১তম বারের মতো সেটি প্রমাণিত হলো। ইডেনের উল্লাসের কারণটা অনুমান করাই যায়। অল্প রানের ম্যাচে ভারত পাকিস্তানকে অনায়াসে হারাল বিরাট কোহলির সৌজন্যে। এমন একটা ইনিংস খেলতে পারলে আমিই গর্বিত হতাম।
যতক্ষণ বিরাট ছিল আমি নিঃসংশয় ছিলাম। ক্রিজে তার উপস্থিতিই রাজকীয়। নাগপুরের বিপর্যয়ের পর ইডেনে ওর ধ্রুপদি ব্যাটিং দলকে দিল বিশাল স্বস্তি। শচীন টেন্ডুলকারের বিদায়ের পর ভারতের ব্যাটিং সঠিক দিশা পেতে তার দিকেই তাকিয়ে ছিল। কঠিন একটা পিচে কত সহজেই না সে ব্যাট করে গেল! ম্যাচটা শেষ করে আসার দায়িত্ব সে যেভাবে পালন করল, তাতে আমাকে বলতেই হচ্ছে সে অতুলনীয়।
ইডেনের দুর্দান্ত আবহে বিরাট উপলক্ষে দুই দলই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তবে আক্ষেপ একটাই, এমন একটা উইকেট প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় সময়টা বোধ হয় কিউরেটর পাননি।
টস জিতে ব্যাটিং নেওয়াটাই ভালো হয়েছে। একটা ভালো লক্ষ্য বেঁধে দিলে প্রতিপক্ষ এমনিতেই চাপে পড়ে যায়। ভারতের পরিকল্পনাও ছিল প্রতিপক্ষকে বেঁধে রাখা, আশিস নেহরা বা জসপ্রীত বুমরাকে দিয়ে রান আটকানো। দুর্দান্ত একটা শেষ ওভার করেছে বুমরা। আমি নিশ্চিত, সে অনেক দিন দলে খেলবে।
উইকেটে একটু আর্দ্রতা ছিল বলে অশ্বিন দ্রুতই খাপ খাইয়ে নিতে পেরেছে। পাকিস্তানের প্রথম বাউন্ডারিটাই এসেছে অনেক পরে। বল ভালোভাবে ব্যাটে আসছিল না, ওপেনারদের মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছে। মনে হয় এটাই ওদের কিছুটা পিছিয়ে দিয়েছে।
নেহরা ও অশ্বিনকে শুরুতেই ব্যবহার করাটা আমার ভালো লেগেছে। স্নায়ুচাপে ভোগা পাকিস্তানিদের ফুটওয়ার্ক ভালো হচ্ছিল না। এই ধরনের উইকেটে শট খেলা কঠিন, কিন্তু কম ওভারের ম্যাচে আপনাকে তো ঝুঁকি নিতেই হবে। আমার তো মনে হয় দুই দলেরই একজন বাড়তি স্পিনার খেলানো উচিত ছিল।
মরিয়াভাবে শট খেলতে গিয়ে পাকিস্তানিরা উইকেট দিয়ে এসেছে। শারজিল খান যেমন টাইমিং ঠিক করতে পারেনি, আহমেদ শেহজাদও টাইমিংয়ে গড়বড় করে আউট হয়েছে। শহীদ আফ্রিদিকে দোষ দেওয়া যাচ্ছে না, কারণ ওকে ওই মুহূর্তে ওভাবে খেলতেই হতো। কিন্তু দিনটা ওর ছিল না। তার পরও পাকিস্তান ১১৮ পর্যন্ত গেল শোয়েব মালিকের কৃতিত্বে।
ট্যাকটিক্যালি ম্যাচ ততটা ভালো হয়নি। উইকেটে স্পিন বেশি ছিল, ব্যাটসম্যানরা খোলসে ছেড়ে বেরোতে পারেনি। নিজেদের স্বাভাবিক খেলাটাও তাই খেলা যায়নি। ওই পরিস্থিতিতে বিরাটই পথ দেখিয়েছে। যুবরাজ আসার পর ওর কাজটাও সহজ হয়েছে।
এমন টার্নিং উইকেটে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে বোলারদের চড়াও হতে দেওয়া যাবে না। পরিস্থিতি বুঝেই খেলতে হবে, কিন্তু সেটা আপনার শক্তিকে উপেক্ষা করে নয়। যুবরাজ ও বিরাট এটা বুঝেই খেলেছে। যুবরাজ অবশ্য বাজে একটা শটে উইকেট দিয়ে এসেছে। তবে এই ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাসের জোরেই দুজন আরও ভালো করতে চাইবে। ভারতের পরের পর্বে ওঠার পথেও হয়তো তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। (পিচ সলিউশন)