বিরাশির ছায়ায় জার্মানি-আলজেরিয়া
৩২ বছর...প্রতিশোধের জন্য সময়টা একটু বেশিই!
এত বেশি যে, বিশ্বকাপ ইতিহাসের ওই পাতাটায় ধুলো জমে গেছে। যে পাতাটির নাম ‘শেম অব গিজন।’ ব্রাজিল বিশ্বকাপ শুধু ফুঁ দিয়ে সরিয়ে দিয়েছে সেই ধুলো। গিজনের লজ্জার ছায়াতেই আজ পোর্তো আলেগ্রেতে মুখোমুখি জার্মানি ও আলজেরিয়া। প্রস্তুত প্রতিশোধের মঞ্চ!
এমনিতে এই ম্যাচ নিয়ে আগ্রহ-কৌতূহল খুব বেশি থাকার কথা ছিল না। কিন্তু ইতিহাসের বারুদেই প্রস্তুত আগুনে এক ম্যাচের প্রেক্ষাপট। দ্বিতীয় রাউন্ডের লাইনআপ ঠিক হওয়ার পর থেকেই ‘গিজনের লজ্জা’ নিয়ে এত আলোচনা যে এখন সেটাকে চর্বিত-চর্বণ মন হতেই পারে। কিন্তু ইতিহাসটাই এমন যে, আজকের ম্যাচে বারবার ফিরে ফিরে আসবেই। আলজেরিয়া প্রথম বিশ্বকাপ খেলতে যায় ১৯৮২-এর স্পেনে। ফুটবল-বিশ্বকে চমকে দিয়ে প্রথম ম্যাচেই হারিয়ে দিয়েছিল সেই সময়ের পশ্চিম জার্মানিকে। পরে চিলিকেও হারিয়ে এক পা দিয়ে ফেলে দ্বিতীয় রাউন্ডে। গ্রুপে নির্লজ্জভাবে সমঝোতার ম্যাচ খেলে পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়া। ওই ম্যাচে পশ্চিম জার্মানি ১-০ গোলে জিতলেই কেবল বাদ পড়তে পারত আলজেরিয়া। গিজনের এল মলিনন স্টেডিয়ামে ১০ মিনিটের মধ্যে অস্ট্রিয়ার জালে বল পাঠিয়ে বাকি সময় নিজেদের মধ্যে স্রেফ বল নেওয়া-দেওয়া করে কাটিয়ে দেয় জার্মানরা। বিশ্বকাপ ইতিহাস সেই কাণ্ডকে মনে রেখেছে ‘গিজনের লজ্জা’।
ওই ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলে আর একবারও দেখা হয়নি দুই প্রতিপক্ষের। আলজেরিয়ানদের প্রতিশোধস্পৃহাও তাই বারবার মাথা কুটে মরেছে ইতিহাসের দেয়ালে।
অবশেষে প্রতিশোধের সুযোগ এসেছে এবার। হারাতে পারলে প্রতিশোধটা জুতসই-ই হবে, জার্মানদের ট্রফির স্বপ্ন থমকে যাবে দ্বিতীয় রাউন্ডেই। আর শেষ ষোলোতে উঠেই ইতিহাস গড়া আলজেরিয়া পা রাখবে নতুন ইতিহাসে। টানা দুই ম্যাচে গোল করে আলজেরিয়ানদের স্বপ্নপূরণের নায়ক ইসলাম স্লিমানি তো বলেই দিয়েছেন, ‘৩২ বছর আগে পারলে এখন কেন নয়? জার্মানিকে হারানো কঠিন, তবে অসম্ভব তো নয়!’
গত কয়েক দিনে এই ‘প্রতিশোধ’ শব্দটি শুনতে শুনতে আবার বিরক্তি ধরে গেছে জোয়াকিম লোর। পরশু জার্মানির কোচ খানিকটা চটে গিয়েই বললেন, ‘ওই ঘটনার সময় জন্মও হয়নি যে ছেলেদের, তারা কেন প্রতিশোধ চাইবে? এসব আমার মাথায়ই ঢোকে না। এত এত বছর পর প্রতিশোধ বা প্রতিহিংসা জাতীয় শব্দগুলোর আর প্রাসঙ্গিকতা নেই।’
গিজনের লজ্জার সেই ম্যাচের সময় মিরোস্লাভ ক্লোসার বয়স ৪, রোমান ভাইডেনফেলার সবে হাঁটি হাঁটি পা পা করছেন। জার্মানির এই দলের আর কারও জন্মও হয়নি। আর এই আলজেরিয়ার দলের তো একজনও তখন পৃথিবীর আলো দেখেননি। লো তাই ওই দাবি করতেই পারেন। কিন্তু অনুপ্রেরণার এমন ইতিহাসে জন্মটন্মের হিসাব কে করেন! আলজেরিয়া কোচ ভাহিদ হালিলহজিচ তো রাখঢাক না রেখেই বলেছেন, ‘ওই ইতিহাস ভুলব কেন? জার্মানিকে হারানো সেই ম্যাচের কথা আলজেরিয়ায় সবাই বলে, এর পরের ঘটনাপ্রবাহও। আমরা কথাও বলেছি ওটা নিয়ে।’
ইতিহাস থেকে অনুপ্রেরণার রসদ আরও আছে আলজেরিয়ার। বিশ্ব ফুটবলে জার্মানির বিপক্ষে শতভাগ সাফল্য আছে শুধু তিনটি দলের। তার মধ্যে একটি দল ঢুকে গেছে এখন জার্মানিতেই (পূর্ব জার্মানি, ১ ম্যাচে ১ জয়)। এক ম্যাচে একটি জিতেছে মিসরও। আর আলজেরিয়া, ’৮২ বিশ্বকাপে ২-১ গোলে জয়ের আগে ১৯৬৪ সালে প্রীতি ম্যাচে হারিয়েছিল ২-০-তে।
তবে বাস্তবতা বলছে, এই জার্মানির বিপক্ষে গর্বের সেই রেকর্ড ধরে রাখা ভীষণ কঠিন হবে। দ্বিতীয় রাউন্ডে ওঠার পর আলজেরিয়ান স্ট্রাইকার স্লিমানি বলেছিলেন, ‘স্বপ্নঘুমে আছি আমরা। চাই না কেউ টোকা দিয়ে এই ঘুম ভেঙে ফেলুক।’ এই চাওয়া পূরণ করতে হলে আজ ইতিহাসের বারুদ বুকে নিয়ে জ্বলে উঠতে হবে স্লিমানিদের। নয়তো শুধু টোকা নয়, হাতুড়ির আঘাতে ঘুম ভাঙিয়ে দিতে পারে জার্মানি!