বিরোধ মিটে গেছে, দাবি ইনিয়েস্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজয়ী স্পেনের ইউরো অভিযান শুরু হচ্ছে আজ। প্রতিপক্ষ ইতালি হওয়ায় এ ম্যাচে স্পষ্টত ফেবারিট স্প্যানিশরা। প্রশ্ন হচ্ছে, মাঠে দলগতভাবে কী আক্রমণ চালাতে সমর্থ হবে স্পেন?এমন প্রশ্ন ওঠার কারণ, স্পেনের দুই তারকা খেলোয়াড় জেরার্ড পিকে ও সার্জিও র‌্যামোসের মধ্যে দ্বন্দ্ব। ক্লাব পর্যায়ে পিকে খেলেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে। আর র‌্যামোস খেলেন বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হয়ে। এল ক্লাসিকোয় এই দুই ডিফেন্ডারের মধ্যে দ্বন্দ্বের খবরটা সবার জানা। দ্বন্দ্বের পর্যায়টা এমন, কেউ নাকি কারও দিকে তাকিয়েও দেখেন না! অথচ আজ পিকে ও র‌্যামোসকে খেলতে হবে একই দলের হয়ে। স্পেন ও বার্সার তারকা ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা অবশ্য দাবি করেছেন, পিকে ও র‌্যামোসের মধ্যে বিরোধটা বেশ পুরোনো। সেটা মিটে গেছে। রিয়াল-বার্সার দ্বন্দ্ব দেশের হয়ে খেলার সময় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে, এমনটা ভাবা ঠিক হবে না।‘পিকে-র‌্যামোস ইস্যু পেছনে ফেলে এসেছি আমরা। এটা অতীত। রিয়াল-বার্সার লড়াই এখানে টেনে আনা হবে বোকামি। ইউরোতে দারুণ কিছু করার জন্যই এসেছি আমরা’—স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে বলেছেন ইনিয়েস্তা।গোল ডটকমের খবরে বলা হয়েছে, ২০১০ সালের বিশ্বকাপে স্পেনের শিরোপা নিশ্চিত করা গোলটি করেছিলেন ইনিয়েস্তা। স্পেনের জন্য সুখবর, ইউরোতে পুরোপুরি সুস্থ আছেন এই তারকা ফুটবলার। ইনিয়েস্তা বলেন, ‘আমি বেশ ভালো অনুভব করছি। আত্মবিশ্বাসেও ঘাটতি নেই। এটা সত্যি, বিশ্বকাপ ও ২০০৮ সালের ইউরো দুই আসরেই আমার কিছু সমস্যা ছিল। কিন্তু এখন কোনো সমস্যা নেই। শতভাগ ফিট আছি আমি।’