নিজের দেশের প্রতিপক্ষ দেশকে সমর্থন! ক্রিকেট ম্যাচে পাকিস্তানের পক্ষ নেওয়ায় কাশ্মীরি ছাত্রদের সাময়িক নিষিদ্ধ করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগও এনেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ অবশ্য দেশদ্রোহের মামলাটি প্রত্যাহার করে নিয়েছে। ‘কোনো সাক্ষ্যপ্রমাণ ছাড়াই রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণ করতে পারব না’—কাল বলেছেন মিরাট পুলিশের প্রধান ওঙ্কার সিং। ভারতভুক্ত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পরশুই রাষ্ট্রদ্রোহের অভিযোগকে ‘অগ্রহণযোগ্য কঠোরতা’ বলে মন্তব্য করেন। গত রোববার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে মিরাটের স্বামী বিবেকানন্দ সুভারতী বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্র পাকিস্তানকে সমর্থন করেন। পাকিস্তানের জয়ের পর বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরও করেন! ভারত-বিরোধিতার এই তাসটি হাতে তুলে পাকিস্তান এখন বহিষ্কৃত ওই কাশ্মীরি ছাত্রদের স্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে নেওয়ার প্রস্তাব দিয়েছে! এএফপি।