‘লোগোর আকার আরেকটু বড় করা দরকার, ব্যানারগুলো ডিজিটাল প্রিন্ট করতে হবে’—অলিম্পিক ভবনে কোষাধ্যক্ষের কক্ষে দাঁড়িয়ে কাল নিজের চাহিদাগুলো জানাচ্ছিলেন গেমসের প্রচারণা কমিটির এক কর্মী। অষ্টম বাংলাদেশ গেমস আর আট দিন দূরে। কিন্তু রাজধানীর কোথাও এখন পর্যন্ত গেমসের আগমনী বার্তা জানান দেওয়া ব্যানার-ফেস্টুন লাগানো হয়নি। এখনো বাংলাদেশের ‘অলিম্পিক গেমসের’ রং চড়েনি সারা দেশে।২০-২৮ এপ্রিল অনুষ্ঠেয় ক্রীড়া উৎসবের প্রচারণা জমিয়ে তোলা যায়নি বলে ব্যর্থতার দায় কাল স্বীকার করে নিলেন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ। অলিম্পিক ভবনে সংবাদ সম্মেলনে বললেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। তাই আমরা এখনো সেভাবে গেমস নিয়ে প্রচারণা শুরু করতে পারিনি। এটা আমাদেরই ব্যর্থতা।’বাংলাদেশ গেমস শুধুই ঢাকাকেন্দ্রিক হবে না। আগের চেয়ে ভেন্যুর সংখ্যা আরও সাতটি বাড়িয়ে ২৮টি করা হয়েছে। ঢাকার বাইরে বাছাইপর্বের খেলাগুলো এরই মধ্যে শুরু হয়ে গেছে। পুরো গেমসকে ৬৪টি জেলা ও সাতটি বিভাগের সঙ্গে কীভাবে একই সুতায় গাঁথা যায়, তা নিয়েই ভাবছেন কর্মকর্তারা। এ জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আজ থেকেই রাজধানীর মোড়ে মোড়ে শোভা পাবে গেমসের ব্যানার-পোস্টার। ১৯ এপ্রিল বিশিষ্ট খেলোয়াড় ও সংগঠকেরা সাভার স্মৃতিসৌধে মশাল প্রজ্বালন করবেন। ওই মশাল তাঁরা নিয়ে আসবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে। সেখান থেকে সুসজ্জিত মোটর শোভাযাত্রাসহ খেলোয়াড়েরা আসবেন আর্মি স্টেডিয়ামে। ২০ এপ্রিল বিকেলে এটা বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিয়ে আসা হবে। ওইদিন একই সঙ্গে দেশের ৬৪টি জেলা ও সাতটি বিভাগেও মশাল প্রজ্বালন করা হবে। স্থানীয় কৃতী খেলোয়াড় ও সংগঠকেরা মশাল শোভাযাত্রাসহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন। গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান প্রতিটি জেলা ও বিভাগীয় সদরে সরাসরি বড় পর্দায় দেখানোরও উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।বর্তমান রাজনৈতিক অস্থিরতায় গেমস নিয়ে দুশ্চিন্তা কাটেনি বিওএর কর্মকর্তাদের। কাল সকালে প্রধানমন্ত্রী ও গেমসের সাংগঠনিক কমিটির প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনার সঙ্গে দেখা করে এসেছেন তাঁরা। গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান কেমন হবে, প্রজেক্টরের মাধ্যমে তার একটি ধারণা প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। নিজে থেকেই গেমসের প্রস্তুতি ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, এত বড় গেমসের প্রচারণা আরও আগে থেকেই শুরু হওয়া উচিত ছিল। গেমস নিয়ে শঙ্কা আছে খোদ বিওএর কর্মকর্তাদের মধ্যেই। কিন্তু প্রধানমন্ত্রী নিজেই তাঁদের আশ্বাস দিয়ে বলেছেন, ‘এমন পরিস্থিতির মধ্যেও সব কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। অতীতেও এ ধরনের গেমসে আমরা এমন পরিস্থিতিতে বিরোধী দলে থেকে সাহায্য-সহযোগিতা করেছি। কর্মসূচি হালকা করেছি, হরতাল পিছিয়েছি।’ প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর কাছে বিওএর পক্ষ থেকে গিয়ে যেন আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়। প্রধানমন্ত্রীর পরামর্শমতোই এগোচ্ছে বিওএ, জানালেন হারুনুর রশীদ। শুধু তা-ই নয়, বিরোধী দলের গুরুত্বপূর্ণ এক নেতার কাছ থেকে গেমসের ব্যাপারে মৌখিকভাবে সহযোগিতার আশ্বাসও তিনি পেয়েছেন। তাই বেশ আশাবাদী লাগছে হারুনকে, ‘আমাদের চিঠি প্রস্তুত। কাল (আজ) আমরা যাব বিরোধী দলের কাছে। একজন বড় মাপের নেতা আমাদের আশ্বাস দিয়েছেন। তাঁর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমাদের আরও বেশি আগ্রহ তৈরি হয়েছে। উনি বলেছেন, খেলার জন্য সব সময় সহযোগিতার দরজা খোলা থাকবে। ওই সময়ের হরতালের সময় বদলাতে পারে, প্রত্যাহারও হতে পারে।’