বিলম্বিত সিদ্ধান্ত, মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনা সেই আগস্টের। পেরিয়ে গেছে চার মাসেরও বেশি সময়। এত দিন ধরে শুধু তথ্যপ্রমাণই জোগাড় করেছে আইসিসির দুর্নীতি দমন বিভাগ। এটা নিয়ে শুনানিও চলল ছয় দিন। তার পরও সিদ্ধান্ত এল না! সেজন্য আরও এক মাস সময় লাগছে আইসিসির ট্রাইব্যুনালের! স্বাভাবিকভাবেই বিস্মিত পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।শুনানি শেষে পরশু আইসিসি ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়, রায় ঘোষিত হবে ৫ ফেব্রুয়ারি। কেন এত বিলম্ব, সেটি পরিষ্কার নয়। তবে এই সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জহির আব্বাস। আসিফ ইকবালের চোখে এটি ‘অদ্ভুত’।জহির আব্বাস বলেছেন, ‘আইসিসি এই ক্রিকেটারদের পাঁচ মাস ধরে একরকম জিম্মি করেই রাখল। এখন সিদ্ধান্ত করা হলো মুলতবি! এটা ব্যাখ্যাতীত। কারণ এর ফলে খেলোয়াড়েরা নিষিদ্ধই থেকে যাবে। কোনো পর্যায়ের ক্রিকেটে খেলতে পারবে না। অনুশীলনও করতে পারবে না। তারা তো বিশ্বকাপ থেকে একরকম ছিটকেই গেল।’নিষিদ্ধ ত্রয়ী মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও সালমান বাটের এই বিশ্বকাপে খেলার সম্ভাবনা আসলে ছিলও না। তবে যে প্রচণ্ড মানসিক চাপ নিয়ে তাঁরা একেকটি দিন পার করছেন, রায় হয়ে গেলে সেটির অন্তত সমাপ্তি হতো। আমির তো শুনানি শেষে এমনও বলেছিলেন, গত কয়েকটি রাত ঘুমাতে পারেননি অনিশ্চয়তার দোলাচলে।আইসিসি কেন দেরি করছে রায় ঘোষণার জন্য, সেটি মাথায়ই ঢুকছে না আসিফ ইকবালের, ‘আইসিসি এই মামলার ক্ষেত্রে এত সময় নিল, এত অর্থ ব্যয় করল। তার পরও কোনো সিদ্ধান্ত নিতে পারল না। এটা অদ্ভুত। এই বিলম্বে আমি বিস্মিত।’এই বিলম্বের কারণে ট্রাইব্যুনালের ওপর থেকে আস্থা কমে যাবে বলে মনে করেন রশীদ লতিফ। সাবেক অধিনায়ক যেমন সন্দেহ করছেন, ‘এখনই রায় ঘোষণা করতে হলে যে ধরনের শক্ত তথ্য-উপাত্ত দরকার, সেটি আইসিসির হাতে নেই বলে আমার ধারণা।’ আর সরফরাজ নেওয়াজের দাবি, খেলোয়াড়দের খেলতে না-দেওয়াটা একরকম অন্যায়।তবে সবাই যে সমালোচনাই করছেন এমন নয়। লতিফই যেমন এও মনে করছেন, দ্রুত রায় দিতে গিয়ে কোনো ভুল করতে রাজি হচ্ছে না আইসিসির ট্রাইব্যুনাল। সাবেক স্পিনার ইকবাল কাশিমও মনে করেন, ‘যেহেতু এটা খুবই কঠিন একটা মামলা, প্রতিটি সিদ্ধান্ত ভালোমতো খুঁটিয়ে বিচার-বিশ্লেষণ করে তার পরই নেওয়া উচিত।’মাইকেল বেলোফ কিউসির নেতৃতে তিন সদস্যের ট্রাইব্যুনাল যে ভালো সিদ্ধান্তই নেবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এহসান মানির। আইসিসির সাবেক পাকিস্তানি সভাপতি আইসিসির দুর্নীতিবিরোধী কার্যক্রমের প্রশংসায় পঞ্চমুখ। মানির ধারণা, কঠিন শাস্তিই পেতে চলেছেন তিন অভিযুক্ত ক্রিকেটার। এএফপি, ওয়েবসাইট।