বিশদ রায় বিশ্বকাপের পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএল ফিক্সিং বিচারকাজের সংক্ষিপ্ত রায় প্রদানের সপ্তাহ দুয়েকের মধ্যে দিয়ে দেওয়ার কথা বিশদ রায়ও। কিন্তু সংক্ষিপ্ত রায় প্রদানের পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও কারণসহ সেই রায় এখনো জানানো হয়নি। আজ থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার আগে সেটি জানানোর সম্ভাবনা নেই বলেও জানা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবে আগামী ৬ এপ্রিল।
একটি সূত্রে জানা গেছে, অভিযোগ স্বীকার করাদের শাস্তি নির্ধারণসহ বিসিবির ট্রাইব্যুনালের আরও কিছু কাজ এখনো বাকি। শাস্তি প্রদানের আগে দোষীদের আরও একবার ট্রাইব্যুনালের সামনে এসে কথা বলার সুযোগ দেওয়া হবে বলেও জানা গেছে। ট্রাইব্যুনাল তার পরই বিস্তারিত রায়ের কপি হস্তান্তর করবে বিসিবির কাছে। সেটি করতে করতে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত লেগে যেতে পারে বলে জানিয়েছে সূত্র।
এ বিষয়ে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য বলেছেন পুরোনো কথাই, ‘প্রাথমিকভাবে আমাদের ধারণা দেওয়া হয়েছিল যে দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত রায়ের কপি দেওয়া হবে। সেটি হাতে পেলেই আমরা এ ব্যাপারে মন্তব্য করতে পারব।’