বিশেষ কিছুর অপেক্ষায় বায়ার্ন মিউনিখ
এবারের মৌসুম শেষেই বায়ার্ন মিউনিখের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন ইয়ুপ হেইঙ্কেস। বিদায়ী মৌসুমটায় ইতিমধ্যেই অনেক কিছু অর্জন করেছেন এই জার্মান কোচ। সামনেও আছে অনেক কিছুর হাতছানি। আর মাত্র দুটি ম্যাচে সাফল্য পেলেই বায়ার্ন মিউনিখের প্রথম ট্রেবলজয়ী দলের গর্বিত কোচ হিসেবে ক্যারিয়ারের ইতি টানতে পারবেন হেইঙ্কেস। সে পথে অনেকখানি এগিয়েও গেছেন তিনি। এ কারণেই হয়তো এবারের মৌসুমটাকে দীর্ঘ কোচিং ক্যারিয়ারের বিশেষ একটা সময় বলে আখ্যায়িত করেছেন ৬৮ বছর বয়সী হেইঙ্কেস।দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে এবারের মৌসুমের জার্মান লিগ শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন মিউনিখ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের স্বাদ পেতে আর মাত্র একটি ম্যাচ দূরে আছে জার্মানির শীর্ষ এ ক্লাবটি। আগামীকাল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে স্বদেশি ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে হারের স্বাদ দিতে পারলেই নিশ্চিত হয়ে যাবে ইউরোপসেরার মুকুটটি। আর জার্মান কাপের ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী মধ্যম সারির ক্লাব স্টুটগার্ট। এই ম্যাচে যে বায়ার্নই ফেভারিট, তা প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। কাজেই এখন ট্রেবল জয়ের ইতিহাস গড়ার পথে প্রধান বাধা বরুসিয়া ডর্টমুন্ড। আগামীকাল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তাদের হারাতে পারলেই ট্রেবল জয়ের পথে অনেকখানি এগিয়ে যাবে বায়ার্ন মিউনিখ। এমন একটা সাফল্যমণ্ডিত মৌসুমকে তো বিশেষ কিছু বলে আখ্যায়িত করতেই পারেন কোচ ইয়ুপ হেইঙ্কেস। উয়েফা ডটকমকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমি কখনোই এ রকম অভিজ্ঞতার মুখোমুখি হইনি। এটা আমার জন্য একটা দুর্দান্ত মৌসুম। আমরা প্রায় সব রেকর্ডই ভেঙে দিয়েছি। সাধারণত আপনি যখন অনেক অনেক গোল করবেন, তখন আপনাকে সেই পরিমাণ গোল হজমও করতে হয়। কিন্তু রোবেন, রিবেরি, মারিও গোমেজ, থমাস মুলারের মতো খেলোয়াড়েরা রক্ষণভাগটাও ভালোভাবে সামলাতে পারে। এটাই আজকের যুগের ফুটবলের একটা প্রধান ব্যাপার।’সাম্প্রতিক বছরগুলোতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালটা বায়ার্ন মিউনিখের জন্য শুধু হতাশাই বয়ে এনেছে। গত চার বছরে তৃতীয়বারের মতো ফাইনালে উঠতে পেরেছে বায়ার্ন। কিন্তু আগের দুটি আসরেই ফাইনালে হেরে শিরোপাবঞ্চিত থাকতে হয়েছে বাভারিয়ানদের। তবে এবার হয়তো আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে শিরোপা জয়ের সর্বাত্মক চেষ্টাই করবেন ইয়ুপ হেইঙ্কেসের শিষ্যরা। আর আগামীকাল ওয়েম্বলিতে সত্যিই যদি তাঁরা শেষ হাসিটা হাসতে পারেন, তাহলে মৌসুমটা হয়তো আজীবনই স্মরণীয় হয়ে থাকবে বায়ার্ন মিউনিখ ও হেইঙ্কেসের জন্য।— উয়েফা ডট কম