বিশেষজ্ঞ উইকেটকিপার ছাড়াই উইন্ডিজ
প্রথম দুই ম্যাচে জয়ের পরও ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের মাটির ত্রিদেশীয় সিরিজের এই হতাশা মুছে ফেলার সুযোগ ওয়েস্ট ইন্ডিজ পেয়ে যাচ্ছে দ্রুতই। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হচ্ছে আগামীকালই।সিরিজের প্রথম দুটি ওয়ানডেই হবে গায়ানায়। যেখানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে দুই বছরেরও বেশি সময় পর। গায়ানায় সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিল ২০১১ সালের ১২-১৫ মে, এই পাকিস্তানের বিপক্ষেই টেস্ট। ৫ মে, সর্বশেষ ওয়ানডেতেও প্রতিপক্ষ ছিল এই পাকিস্তানই। আগেই সিরিজ হেরে বসা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সেই শেষ ম্যাচে পাকিস্তানকে ১৩৯ রানে গুঁড়িয়ে দিয়ে জিতেছিল ১০ উইকেটে।কালও সে রকম কিছু করে গায়ানায় আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে পারবে ওয়েস্ট ইন্ডিজ? ক্যারিবীয় অধিনায়ক ডোয়াইন ব্রাভো অবশ্য সিরিজ শুরু করতে চান জয় দিয়ে। যদিও ক্যারিবীয়রা মাঠে নামবে বিশেষজ্ঞ উইকেটকিপার ছাড়াই। দলে আসা-যাওয়ার মধ্যে থাকা উইকেটকিপার দীনেশ রামদিন আবার বাদ পড়েছেন। সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য কাল ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। রামদিনের পরিবর্তে উইকেটের পেছনে দাঁড়াবেন ওপেনার জনসন চার্লস। এএফপি, ওয়েবসাইট।