বিশ্ব একাদশে সাকিব-তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব-তামিম: অবশিষ্ট বিশ্ব একাদশে
সাকিব-তামিম: অবশিষ্ট বিশ্ব একাদশে

আগামী ২২ জুন ক্রিকেট-তীর্থ লর্ডসের ২০০ বছর পূর্তি। এ উপলক্ষে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ৫ জুলাই প্রীতি ম্যাচ খেলবে অবশিষ্ট বিশ্ব একাদশের সঙ্গে। বিসিবি সূত্রের খবর, সে ম্যাচে অবশিষ্ট বিশ্ব একাদশের হয়ে থাকবেন বাংলাদেশের দুই ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাকিবের জন্য আরেকটি সুখবর। চলমান কেএফসি টি-টোয়েন্টি বিগ ব্যাশে খেলার জন্য অ্যাডিলেড স্ট্রাইকার্স থেকেও ডাক পেয়েছেন তিনি।
তামিম কাল এই প্রতিবেদকের কাছেই প্রথম শুনলেন এমসিসি নির্বাচিত অবশিষ্ট বিশ্ব একাদশে সুযোগ পাওয়ার খবরটা। শুনে খুশিতে আত্মহারা বাঁহাতি এই ওপেনার, ‘এ ব্যাপারে আমি এখনো কিছুই জানি না। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। খবরটা যদি সত্যি হয়ে থাকে, আমি বলব, আমার জীবনের সবচেয়ে বড় অর্জন এটা।’ এর আগে এশিয়ান একাদশে খেলার সুযোগ হয়েছিল তামিমের। মনের মধ্যে কল্পনার ঘুড়ি উড়িয়েছিলেন তখনই, যদি কোনো দিন বিশ্ব একাদশেও খেলার সুযোগ পেতেন...! সে স্বপ্ন এখন পূরণ হওয়ার পথে। ‘এশিয়ান ইলেভেনে সুযোগ পাওয়ার পর মনে হয়েছিল, যদি কখনো বিশ্ব একাদশে খেলার সুযোগ পাই, সেটা হবে অন্য রকম পাওয়া। সে জন্যই বেশি ভালো লাগছে খবরটা শুনে। একজন ক্রিকেটারের জন্য এটা অনেক বড় সম্মানের ব্যাপার’—কাল টেলিফোনে বলছিলেন তামিম।

প্রীতি ম্যাচ হবে মোট দুটি। ছেলেদের অবশিষ্ট বিশ্ব একাদশের সঙ্গে খেলবে এমসিসির পুরুষ দল। আর এমসিসির মহিলা দল খেলবে মেয়েদের অবশিষ্ট বিশ্ব একাদশের সঙ্গে।
বিশ্ব একাদশে সুযোগ পাওয়াটা যে বিরাট সম্মানের, সেটা মানেন সাকিবও। তবে তাঁর সামনে অবশিষ্ট বিশ্ব একাদশের সঙ্গে খুলে গেছে বিগ ব্যাশের দরজাও। এ দুটির মধ্যে সাকিব এগিয়ে রাখছেন বিগ ব্যাশকে, ‘বিশ্ব একাদশে খেলার সুযোগ পাওয়া বড় অর্জন সন্দেহ নেই। কিন্তু বিগ ব্যাশ প্রতিযোগিতামূলক ক্রিকেট। বড় ক্রিকেটাররা খেলেন সেখানে। সে জন্য বিগ ব্যাশে সুযোগ পাওয়াটাকেই এগিয়ে রাখব আমি।’ শুধু সুযোগ পেয়েই সন্তুষ্ট থাকছেন না সাকিব, সুযোগটাকে কাজে লাগাতে চান, ‘সুযোগ যখন পেয়েছি, লক্ষ্য থাকবে ভালো খেলা।’

বিগ ব্যাশের পয়েন্ট তালিকায় বর্তমানে সবার ওপরে থাকা অ্যাডিলেড স্ট্রাইকার্সের অধিনায়ক ইয়োহান বোথা চোট পেয়ে মাঠের বাইরে। খেলায় ফিরতে পারবেন না ১৮ জানুয়ারির আগে। তাঁর জায়গাতেই আড়াই সপ্তাহের জন্য সাকিবকে চেয়ে বিসিবিকে ই-মেইল করেছেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের ডিরেক্টর অব ক্রিকেট জিমি কক্স। ১৮ জানুয়ারির মধ্যে তিনটি ম্যাচ আছে অ্যাডিলেড স্ট্রাইকার্সের। ৫ জানুয়ারির ম্যাচটি সিডনি সিক্সার্সের সঙ্গে। এরপর মেলবোর্ন স্টারস ও পার্থ স্কোরচার্সের বিপক্ষে অন্য দুটি ম্যাচ ৯ ও ১৬ জানুয়ারি। বিগ ব্যাশের আমন্ত্রণ পেয়ে সাকিব ভিসার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন কালই, ‘ভিসার প্রক্রিয়া শুরু করেছি। ভিসা হলেই চলে যাব।’