বিশ্ব একাদশের ছয়জনই স্প্যানিশ
বিশ্বকাপের বছরে এবারই প্রথমবারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা উঠল না বিশ্বকাপ জয়ী দলের কোনো সদস্যের হাতে। ১৯৯১ সাল থেকে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা চালু হওয়ার পর প্রতিবারই বিশ্বকাপ জয়ী দলের কোনো সদস্যই পেয়েছেন এই পুরস্কারটা। ১৯৯১ সালে লোথার ম্যাথুজ, ১৯৯৪ সালে রোমারিও, ১৯৯৮ সালে জিদান, ২০০২ সালে রোনালদো, ২০০৬ সালে ফ্যাবিও ক্যানাভারোর পর এবারই প্রথমবারের মতো ভঙ্গ হয় এই চিরায়ত প্রথার। অনেকেই মোটামুটি নিশ্চিত ছিলেন পুরস্কারটা জাভি বা ইনিয়েস্তার মধ্যেই কেউ একজন পাবেন। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে কিছুটা বিস্মিত করে জাভি-ইনিয়েস্তাকে পেছনে ফেলে পুরস্কারটা জিতেছেন লিওনেল মেসি।বর্ষসেরা কোচের পুরস্কারটাও উঠেনি বিশ্বকাপ জয়ী কোচ ভিসেন্তে দেল বস্কের হাতে। লা রোজা কোচকে অল্প কিছু ভোটের ব্যবধানে হারিয়ে সেই পুরস্কারটা জিতেছেন ইন্টার মিলানের সাবেক পর্তুগিজ কোচ হোসে মরিনহো। সব মিলিয়ে কিছুটা হতাশই হয়েছেন স্প্যানিশ সমর্থকেরা। কিন্তু তাঁদের এই হতাশা কিছুটা হলেও দূর করতে পারে বর্ষসেরা বিশ্ব একাদশের তালিকাটা। জাভি-ইনিয়েস্তার সঙ্গে এই একাদশে জায়গা করে নিয়েছেন স্পেনের বিশ্বকাপ জয়ী দলের আরও চারজন সদস্য। অধিনায়ক ইকার ক্যাসিয়াস, জেরার্ড পিকে, কার্লোস পুয়োল ও ডেভিড ভিয়া। এই ছয়জনের মধ্যে শুধু ক্যাসিয়াস ছাড়া বাকি সবাই আবার বার্সেলোনার সদস্য।রক্ষণভাগে জায়গা পেয়েছেন দুই ব্রাজিলিয়ান এবং ইন্টার মিলান সতীর্থ মাইকন ও লুসিও। গত মৌসুমে ইন্টার মিলানের ট্রেবল জয়ী দলের আরও এক গুরুত্বপূর্ণ সদস্য ওয়েসলি স্নাইডারেরও স্থান হয়েছে এই বিশ্ব একাদশে। আর আক্রমণভাগে মেসি, ভিয়ার সঙ্গে অবধারিতভাবেই আছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।ফিফা বর্ষসেরা বিশ্ব একাদশ: ইকার ক্যাসিয়াস, জেরার্ড পিকে, কার্লোস পুয়োল, মাইকন, লুসিও, ওয়েসলি স্নাইডার, জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, ডেভিড ভিয়া, ক্রিস্টিয়ানো রোনালদো। রয়টার্স।