বিশ্ব একাদশের পাকিস্তান সফর স্থগিত
বিশ্ব একাদশের পাকিস্তান সফর আপাতত হচ্ছে না। কাল রোববার ও পরশু পাকিস্তান দলের সঙ্গে দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল বিশ্ব একাদশের। কিন্তু সেটা হঠাত্ পিছিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো সফরসূচি পেছানো হলো।আয়োজক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আগামী অক্টোবরে এ সিরিজ হতে পারে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের ক্রীড়ামন্ত্রী ও বিশ্ব একাদশের ম্যাচগুলোর অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ আলী শাহ দাবি করেছেন, এই মুহূর্তে পুরো শক্তির পাকিস্তান দলকে পাওয়া যাবে না বলেই বিশ্ব একাদশের সফর পিছিয়ে দেওয়া হয়েছে।‘এই দুই ম্যাচে পুরো শক্তির পাকিস্তান দল চাই আমরা। পাকিস্তান ক্রিকেটের জন্য এটা গুরুত্বপূর্ণ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমাদের জানিয়েছে, সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে এটা সম্ভব হবে।’ পিটিআইকে বলেছেন মোহাম্মদ আলী।বিশ্ব একাদশের হয়ে খেলতে সাবেক তারকা অথবা সদ্য অবসরে যাওয়া ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা। তাঁদের মধ্যে রয়েছেন সনত্ জয়াসুরিয়া, জাস্টিন ক্যাম্প, নিকি বোয়ে, আন্দ্রে নেল, টাটেন্ডা টাইবুর মতো খেলোয়াড়েরা।বিশ্লেষকেরা মনে করছেন, আয়োজকেরা সত্য গোপন করার চেষ্টা করছেন। পাকিস্তানি ক্রিকেটারদের এই মুহূর্তে ব্যস্ততা নেই। আসলে নিরাপত্তার কারণে পাকিস্তানে যেতে সম্মত হচ্ছেন না বিশ্ব একাদশের ক্রিকেটাররা।আয়োজকেরা প্রথমে জানিয়েছিলেন, মে মাসে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। কিন্তু পিসিবি ওই সময় ক্রিকেটারদের খেলতে অনুমতি দেয়নি। পিসিবির বক্তব্য ছিল, বোর্ডের অনুমতি না নিয়েই সব ধরনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এ অবস্থায় পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করেন মোহাম্মদ আলী। এর পরই ম্যাচগুলো আয়োজনের অনুমতি দেয় পিসিবি।২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসে গুলি চালায় জঙ্গিরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ক্রিকেটাররা। ভয় ও আতঙ্কে দেশে তড়িঘড়ি করে ফিরে যায় শ্রীলঙ্কা দল। এর পর থেকেই নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে বিরত আছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো।