স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বের ১ নম্বর দল। ফিফা র্যাঙ্কিংয়ে জর্জিয়া ৮৬ নম্বরে। পরশু তিবলিসিতে এই পুঁচকে জর্জিয়ার বিপক্ষে গোল করতেই কি না ৮৬ মিনিট লাগল স্পেনের। গোলটা করলেন রবার্তো সলদাদো। এই একমাত্র গোলেই জর্জিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হলো স্পেনের। পরশুর দিনটা কঠিনই ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য। লা রোজাদের মতোই সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও ইতালিকেও ৩ পয়েন্ট পেতে ঘাম ঝরাতে হয়েছে। জার্মানরা ২-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে, ইতালির ২-০ গোলের জয়টি খুদে মাল্টার বিপক্ষে। ফ্রান্স ৩-১ গোলে বেলারুশকে হারালেও আরেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ১-১ গোলে ড্র করেছে ইউক্রেনের সঙ্গে। স্পেনের সব আক্রমণ মাথা কুটে মরেছে জর্জিয়ার অতিরক্ষণাত্মক ফুটবলে। যখন মনে হচ্ছিল পাঁচ বছর পর কোনো বাছাইপর্বের ম্যাচে পয়েন্ট খোয়াতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা, তখনই গোল করেন সলদাদো। তাঁকে বল বানিয়ে দিয়েছিলেন বদলি খেলোয়াড় সেস ফ্যাব্রিগাস। সলদাদোর গোলটা কোচ ভিসেন্তে দেল বস্কের উদ্দেশে তাঁর ব্যক্তিগত একটা বার্তাও। দেল বস্কের ইউরো স্কোয়াডে যে ঠাঁই পাননি ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার। ম্যাচের পর নিজেদের জয় নিয়ে খুব উচ্ছ্বসিত নন স্পেনের কোচ। তবে কঠিন লড়াইয়ের জন্য বাহবা দিয়েছেন জর্জিয়াকে, ‘তারা দারুণ উৎসাহ নিয়ে খেলেছে এবং আমাদের কাজটাকে কঠিন করে ছেড়েছে।’ দ্বিতীয়ার্ধে ফ্যাব্রিগাস, পেদ্রো ও সান্তি কাজোরলাকে মাঠে নামানোটাও কাজে লেগেছে বলে মনে করছেন দেল বস্ক।স্পেনের জয়টা ন্যূনতম ব্যবধানে হলেও তাদের গ্রুপ সঙ্গী ফ্রান্স নিজেদের মাঠে পেয়েছে স্বস্তির জয়। এতিয়েন কাপুয়ে, ক্রিস্তোফ জালেত ও ফ্রাঙ্ক রিবেরির ৩ গোল বেলারুশের বিপক্ষে ৩-১ গোলে জিতিয়েছে দলকে। টানা দ্বিতীয় জয় পেয়ে ৯ নম্বর গ্রুপে শীর্ষে আছে দিদিয়ের দেশমের ফ্রান্স। স্কোর দেখে সহজ মনে হলেও ফ্রান্সের জয়টা আসলে সহজ ছিল না। আগামী ১৬ অক্টোবর স্পেন-ফ্রান্স লড়াই। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের এই ম্যাচটা হবে মাদ্রিদে। মাদ্রিদের ওই মহারণের আগে পূর্ণ ৬ পয়েন্ট পাওয়াটাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন দেশম, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ম্যাচ জেতা। আমাদের এখন ৬ পয়েন্ট। দুই ম্যাচে এর চেয়ে তো বেশি পয়েন্ট পাওয়া সম্ভব নয়। স্পেন এখনো এই গ্রুপের ফেবারিট দল। তবে হাতে ৬ পয়েন্ট নিয়ে সেখানে (মাদ্রিদে) যেতে পারাটা আমাদের জন্য ভালোই হয়েছে।’ইউরো বাছাইপর্বে টানা ১০টি ম্যাচেই জিতেছিল জার্মানি। প্রতিবেশী অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বেও টানা দুটি ম্যাচ জিতল জোয়াকিম লো-র দল। মার্কো রিউস ও মেসুত ওজিলের গোলে প্রতিবেশীদের বিপক্ষে এগিয়ে গিয়েছিল জার্মানি। ৫৭ মিনিটে অস্ট্রিয়ানদের ম্যাচে ফেরান জ্লাটকো জুনুজোভিচ। ম্যাচের শেষ কয়েক মিনিটে জার্মানির নাভিশ্বাস তুলে ছাড়ে অস্ট্রিয়া। অল্পের জন্য অস্ট্রিয়ার বেশ কয়েকটি সুযোগ নষ্ট না হলে ফলটা অন্য রকমও হতে পারত। ম্যাচ শেষে জোয়াকিম লো-র কণ্ঠে ছিল হাঁফ ছেড়ে বাঁচার স্বস্তি, ‘আমি এই ফলাফলে বেশ খুশি। কারণটা হচ্ছে অস্ট্রিয়ায় গিয়ে শক্তিশালী দলের বিপক্ষে ৩ পয়েন্ট পেয়েছি।’প্রথম ম্যাচে বুলগেরিয়ার সঙ্গে ড্র করা ইতালি প্রথম জয় পেয়েছে মাত্তিয়া দেস্ত্রো ও মাল্টার অ্যান্ড্রু কোহেনের আত্মঘাতী গোলে। ড্র করার পর কষ্টার্জিত জয়। কোচ সিজারে প্রানদেল্লিও মানছেন দল ভালো খেলছে না। তবে একেবারে হতাশ নন ইতালিয়ান কোচ, ‘এখন দলটা খুব ভালো খেলছে না। তবে আমরা জানি, ঐতিহাসিকভাবেই সেপ্টেম্বর খুব কঠিন একটা মাস।’ইউক্রেন ইংল্যান্ডে এসে দাঁড়িয়েছিল প্রথম ম্যাচে মলদোভাকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া স্বাগতিক দলের সামনে। কিন্তু বিধ্বংসী প্রথম জয়ের আত্মবিশ্বাস কাজে লাগাতে পারেনি ইংল্যান্ড। নিজেদের মাঠে ওলেগ ব্লখিনের ইউক্রেনকে হারানো দূরের কথা, হারের মুখে ড্র করেছে (১-১)। ৩৯ মিনিটে ইভগেনি কোনোপ্লিঙ্কার গোলে এগিয়ে যায় ইউক্রেন। ৮৭ মিনিটে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পেনাল্টি গোল মান বাঁচায় ইংলিশদের। ওই গোলের পর মুহূর্তেই ৯৮ ম্যাচের ক্যারিয়ারের প্রথমবারের মতো লাল কার্ড দেখেন অধিনায়ক স্টিভেন জেরার্ড। ম্যাচের পর রয় হজসন সমালোচনা করেছেন রেফারির। জার্মেইন ডিফোর একটি গোল বাতিল হওয়াতেই ইংল্যান্ড কোচের এই ক্ষোভ। এএফপি, রয়টার্স। এক নজরে সার্বিয়া ৬ : ১ ওয়েলস বেলজিয়াম ১ : ১ ক্রোয়েশিয়া ইতালি ২ : ০ মাল্টা অস্ট্রিয়া ১ : ২ জার্মানি হাঙ্গেরি ১ : ৪ হল্যান্ড ইসরায়েল ০ : ৪ রাশিয়া পর্তুগাল ৩ : ০ আজারবাইজান ইংল্যান্ড ১ : ১ ইউক্রেন জর্জিয়া ০ : ১ স্পেন ফ্রান্স ৩ : ১ বেলারুশ