বিশ্ব চ্যাম্পিয়নের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ের ইতিহাসের সবচেয়ে কালো দিনটির ঠিক পরদিনই দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন আলেক্সান্ডার ডেল ওয়েন। গত বছরের জুলাইয়ে অ্যান্ডার্স বেরিং ব্রেইভিকের হাতে ৭৭ জন নিরীহ নরওয়েজিয়ানের প্রাণ যাওয়ার পরদিন সাংহাইয়ে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক। সেই ডেল ওয়েন গত সোমবার মাত্র ২৬ বছর বয়সেই সবাইকে কাঁদিয়ে চলে গেলেন পৃথিবী ছেড়ে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফ্লাগস্টাফে লন্ডন অলিম্পিকের প্রস্তুতি ক্যাম্পের গোসলখানায় হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। জরুরি সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসেও বাঁচাতে পারেনি ওয়েনকে। চিকিত্সকেরা জানান, অ্যারিজোনার স্থানীয় সময় রাত ৯টায় মারা গেছেন বেইজিং অলিম্পিকে রুপাজয়ী এই সাঁতারু। গতকালই শেষ হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ। সোমবার তাঁর সর্বশেষ টুইটার বার্তায় ছিল দেশে ফেরার আকুতি। কিন্তু চলে গেলেন না ফেরার দেশে। বিবিসি।