বিশ্ব টিটি দিবসে ব্যতিক্রমী উদ্যোগ
আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে প্রথমবারের মতো আজ সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব টেবিল টেনিস দিবস। বাংলাদেশ টিটি ফেডারেশন অবশ্য এ উপলক্ষে আজ কোনো কর্মসূচিই রাখেনি। শুধু ১০ এপ্রিল একটি সেমিনারের আয়োজন করেই দায় এড়াতে চাইছে। কিন্তু সাবেক টিটি খেলোয়াড় জোবেরা রহমান লিনু, সাইদুল হক সাদী, ক্যাপ্টেন মাকসুদ আহমেদ, কামরুল হুদা, আবেদ হোসেন ফারুক, নোমান সুফিয়ান, মোস্তফা বিল্লাহ ও এনায়েত হোসেন মারুফ মিলে হাতে নিয়েছেন একটি ব্যতিক্রমী কর্মসূচি।
তলানিতে চলে যাওয়া টেবিল টেনিসের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে ঘরে ঘরে টিটির কোচিং কোর্স চালু করতে চান তাঁরা। এ জন্য আগ্রহী অভিভাবক ও খেলোয়াড়দের প্রাথমিক পর্যায়ে সরবরাহ করা হবে উন্নতমানের টেবিল ও ব্যাট। প্রথমে দেওয়া হবে ৪টি করে ব্যাট ও ৬০টি বল। সে ক্ষেত্রে আগ্রহীদের ফেডারেশনে যোগাযোগ করতে হবে।
জোবেরা রহমান লিনু বললেন, ফেডারেশন কর্মকর্তাদের অবহেলাই তাঁদের এমন উদ্যোগ নিতে অনুপ্রেরণা জুগিয়েছে, ‘আমরা অনেকেই অনেক সময় ফেডারেশনে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। অনেক সময় প্রত্যাশামতো কাজ করতে পারিনি। এ জন্য সাবেক খেলোয়াড়েরা মিলে এমন উদ্যোগ নিয়েছি। একেবারে তলানিতে ঠেকে যাওয়া টিটিকে জনপ্রিয় করতেই মূলত এই কর্মসূচি।’