বিশ্ব টিটিতে যাচ্ছে না বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারছে না বাংলাদেশ। প্রতিযোগিতায় নাম পাঠানোর শেষ সময়সীমা ছিল ২৫ জানুয়ারি। বাংলাদেশ টিটি ফেডারেশনের নতুন কমিটি নাম পাঠায়নি।আগামী ২৫ মার্চ জার্মানির ডর্টমুন্ডে শুরু হচ্ছে টিটির বিশ্ব চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে নাম পাঠানোর সময়সীমা পেরিয়ে যাওয়ায় খুবই হতাশ টিটি খেলোয়াড় মাহবুব বিল্লাহ, ‘আমরা ফেডারেশনের কর্মকর্তাদের অনেক আগে থেকেই বিষয়টি বুঝিয়েছি। কিন্তু তাঁরা আমাদের কোনো অনুরোধই রাখেননি। এমনকি নাম পাঠাতেও রাজি হননি।’ ফেডারেশন সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল হুদা জানিয়েছেন, ‘গতবার টেবিল টেনিসে আমাদের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। তা ছাড়া সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপের পর খেলোয়াড়েরা অনুশীলনে নেই। সব মিলিয়ে গতবারের মতো প্রস্তুতি ছাড়াই বিশ্ব টেবিল টেনিসে অংশগ্রহণ না করার পক্ষেই আমরা একমত হয়েছি।’ আর্থিক সংকটটাও অন্যতম কারণ বলে জানালেন তিনি। সর্বশেষ হল্যান্ডের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল তিন সদস্যের বাংলাদেশ দল।