বিশ্ব ফুটবলে জার্মানির আবির্ভাব
১৯৫৪ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয় সুইজারল্যান্ড। এই বিশ্বকাপের সবচেয়ে আলোচিত দল হাঙ্গেরি। ফ্রাংক পুনকাস নামের এক ফুটবলার তাঁর অনন্য কারিশমায় বিশ্বের ফুটবল অনুরাগীদের মন জয় করেছিলেন। মানের বিচারে এই বিশ্বকাপের সেরা দল ছিল এই পুনকাসের হাঙ্গেরিই। কিন্তু কেন যেন এই দলটি শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলতে পারেনি। এই বিশ্বকাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গ্লানি পেছনে ফেলে বিশ্ব ফুটবলের নতুন শক্তিরূপে আবির্ভূত হয় পশ্চিম জার্মানি। ফাইনালে তারাই অজেয় হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো জিতে নেয় বিশ্বকাপের শিরোপা।১৯৫৪ সালের বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করে ১৬টি দেশ। এবারই প্রথম ১৬টি দলকে চারটি গ্রুপে বিভক্ত করে গ্রুপ পর্বের আয়োজন করা হয়। সেখান থেকে শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। এই বিশ্বকাপেই প্রথমবারের মতো ‘কোয়ার্টার ফাইনালে’র প্রচলন করা হয়। আরও একটি ব্যাপারের জন্য এই বিশ্বকাপ স্মরণীয় হয়ে আছে। বিশ্বকাপের ইতিহাসে ১৯৫৪ সালেই প্রথম খেলাগুলো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ফিফা এই বিশ্বকাপে দলের সংখ্যা ১৬টি নির্ধারণ করে দেয়। ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপ পর্যন্ত ১৬টি দল নিয়েই বিশ্বকাপ আয়োজিত হতে থাকে। ১৯৮২ সালে ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া দলের সংখ্যা ২৪-এ উন্নীত করে।এই বিশ্বকাপে তুরস্ক একটি চমকপ্রদ ঘটনার মধ্য দিয়ে খেলার সুযোগ পায়। বাছাইপর্বে স্পেনের বিপক্ষে তুরস্ক মোট তিনটি ম্যাচে অংশ নেয়। একটি ম্যাচ তারা খেলে দেশের মাটিতে, একটি তুরস্কের মাটিতে। ম্যাচ দুটি ড্র হলে ফিফা আরও একটি স্থান নির্ধারণী ম্যাচের আয়োজন করে নিরপেক্ষ ভেন্যু ইতালিতে। সেই ম্যাচটিও অমীমাংসিতভাবে শেষ হয়। এরপর অতিরিক্ত সময়ের খেলা ব্যতিরেকে একটি অন্য রকম উপায়ে এর মীমাংসা করা হয়। দর্শক গ্যালারি থেকে ধরে নিয়ে আসা হয় এক ইতালীয় বালককে, সেই বালক একটি বোর্ডে লক্ষ্যভেদ করে দল দুটির ভাগ্য নির্ধারণ করে। এই লক্ষ্যভেদে বিজয়ী হয় তুরস্ক।এই বিশ্বকাপে ১১ গোল করে সর্বোচ্চ গোলদাতার সম্মান অর্জন করেন হাঙ্গেরির সান্দোর ককসিস। ১৯৫৪ সালের হাঙ্গেরিয়ান দলকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল হিসেবে চিহ্নিত করা হয়, ফ্রাংক পুসকাসের নেতৃত্বে এই দলে ককসিস, নান্দোর হাইডেকুতি, জোসেফ বজসিকের মতো খেলোয়াড়েরা হূদয় জয় করেছিলেন গোটা ফুটবল বিশ্বের।১৯৫৪ সালের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয় পশ্চিম জার্মানি ও হাঙ্গেরি। প্রতিযোগিতার সম্ভাব্য দুটি সেরা দলই ফাইনালে উঠেছিল। ফাইনালে জার্মানি ২-০ গোলে পিছিয়ে থেকেও হাঙ্গেরিকে ৩-২ গোলে পরাজিত করে সবাইকে হতবাক করে দেয়। ফুটবল ইতিহাসে এই ফাইনাল ‘মিরাক্যাল অব বার্ন’ নামে পরিচিতি।