বিশ্ব রেকর্ড করেও জিততে পারেননি সোনা!

রবার্ট লিগেনদ্রে বড় আফসোস নিয়েই বেঁচে ছিলেন তাঁর বাকিটা জীবন। যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেটের আফসোসটা ছিল লং জাম্পে বিশ্ব রেকর্ড গড়েও সোনার পদক না পাওয়ার!
বিস্মিত হচ্ছেন? হওয়ারই কথা। নতুন বিশ্ব রেকর্ড গড়া মানেই তো এমন কীর্তি করা যা আগে কেউ করেনি। সবার চেয়ে ভালো করা, সেটা শুধু সেই প্রতিযোগিতায় নয়; অতীতের সব প্রতিযোগিতা মিলিয়েও। তাহলে সোনা কেন জিতলেন না? এখানেই তো লুকিয়ে আছে লিগেনদ্রের আফসোসটা।
আসলে লং জাম্পে বিশ্ব রেকর্ড করলেও তাঁর মূল খেলা বা ইভেন্ট সেটি ছিল না। তিনি অংশ নিয়েছিলেন ‘পেন্টাথলন’ নামের একটি ইভেন্টে। পেন্টা বা পাঁচ ধরনের খেলা খেলতে হয় বলেই এই ইভেন্টের এমন নাম। সে সময় লং জাম্পের পাশাপাশি প্রতিযোগীকে অংশ নিতে হতো বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, ২০০ মিটার দৌড়, ১৫শ মিটার দৌড়ে।
১৯২৪ সালের প্যারিস অলিম্পিকে পেন্টাথলন ইভেন্টে লিগেনদ্রে লং জাম্পে রেকর্ড গড়েছিলেন লিগেনদ্রে। পেরিয়েছিলেন ২৫ ফুট ৪ ইঞ্চি দূরত্ব, যেটি ছিল সে সময়ের নতুন বিশ্ব রেকর্ড। কিন্তু শুধু লং জাম্পে ভালো করলে তো হবে না, বাকি খেলাগুলোতেও ভালো করা চাই। বাকি চারটি খেলায় পিছিয়ে গিয়েই শেষ পর্যন্ত সেবার পেন্টাথলনে তৃতীয় হয়ে জিতেছিলেন ব্রোঞ্জ।
লিগেনদ্রে আফসোস তো করবেনই। শুধু লং জাম্পে অংশ নিয়ে এই লাফটাই যদি দিতেন! ক্যারিয়ারে যে শুধু ওই একটাই অলিম্পিক পদক!