বিশ্ব রেকর্ডে ক্রিকেটারদেরও কণ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্যারেড গ্রাউন্ড যখন কাল লাখো কণ্ঠে মুখর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও তারই অনুরণন। গলা ছেড়ে একসঙ্গে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গাইল বাংলাদেশ ক্রিকেট দল । শামসুল হক
জাতীয় প্যারেড গ্রাউন্ড যখন কাল লাখো কণ্ঠে মুখর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও তারই অনুরণন। গলা ছেড়ে একসঙ্গে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গাইল বাংলাদেশ ক্রিকেট দল । শামসুল হক

চোখেমুখে তখনো ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের হতাশাজাত মেঘ। কিংবা নিদ্রাহীনতার ছাপ। পরিচিত মুখ দেখে কেউ হয়তো সৌজন্যের হাসি হাসছেন, সেটাও মলিন। তবে জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে যেই জাতীয় সংগীত শুরুর ঘোষণা লাউড স্পিকারে ছড়িয়ে পড়ল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, বুক টান করে সবাই প্রস্তুত। সমস্বরে শুরু হয়ে গেল, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...।’
কাল বেলা ১১টা ২০ মিনিটে গোটা বাংলাদেশ গাথা হয়ে গিয়েছিল এই একই সুরে। প্যারেড গ্রাউন্ডে না গেলেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় সংগীত গাইতে হাজির হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়-কোচ এবং বিসিবির কর্মকর্তা-কর্মচারীরা। ভিআইপি গ্যালারিতে সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন খেলোয়াড়েরা। পেছনে বোর্ড সভাপতি নাজমুল হাসানসহ অন্য পরিচালকেরা। এরপর বোর্ডের অন্য কর্মকর্তা, কর্মচারী ও মাঠ কর্মীরা। স্টেডিয়ামের দানব পর্দায় তখন সরাসরি ভেসে উঠল জাতীয় প্যারেড গ্রাউন্ডের জাতীয় সংগীত উৎসবের দৃশ্য। সেদিকে তাকিয়ে জাতীয় সংগীত গাইতে গাইতে ক্রিকেটাররাও মিশে গেলেন লাল-সবুজে।
সময়টা বড় বেশি বাজে যাচ্ছে খেলোয়াড়দের। শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু। এরপর এশিয়া কাপ এবং বিশ্বকাপের প্রথম পর্ব পেরিয়ে বাংলাদেশ এখন সুপার টেনে খেলছে। তবু ধারাবাহিক উন্নতির দেখা নেই। সামান্য উত্থান হলেই পরের ধাপেই যেন খাদে পড়ে যাওয়া। বিশ্বকাপের প্রথম পর্বটা ভালোভাবে শুরু হলেও শেষ ম্যাচে হংকং-লজ্জায় ডুবেছে দল। পরশু সুপার টেনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হতাশাজনক হারের পর এখন মুশফিকুর রহিমদের কোনো কথাতেই আর আস্থা ফিরছে না। যদিও ক্রিকেটার-ক্রিকেট কর্মকর্তারা আশায় বসতি গেড়েছেন, বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই।
সেই ঘুরে দাঁড়ানোর প্রেরণা খেলোয়াড়েরা কালকের জাতীয় সংগীত উৎসব থেকেও নিচ্ছেন। গত ১৬ ডিসেম্বর সবচেয়ে বড় মানবপতাকার বিশ্ব রেকর্ড করেছিল এই বাংলাদেশ। এবার একসঙ্গে সর্বাধিক কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে বাংলার মানুষ আবারও প্রমাণ করল, জাতিসত্তার জায়গাটাতে তারা এক। এমন বিশ্ব রেকর্ডের অংশ হতে পেরে আবেগমথিত মুশফিকুর রহিম, ‘এই প্রথমবার এ রকম একটা রেকর্ড করলাম আমরা। ক্রিকেটার হিসেবে সেটার অংশ হতে পেরে খুবই ভালো লাগছে। এটা অনেক বড় একটা বার্তা।’ জাতীয় সংগীতের বিশ্ব রেকর্ড থেকে মাঠেও লাল-সবুজ পতাকাটাকে আরও উঁচুতে তুলে ধরার অনুপ্রেরণা পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক, ‘যেভাবে যেদিক থেকেই হোক, যে পেশা থেকেই হোক, আমরা সব সময় চেষ্টা করি বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে। আমরাও একটা পেশায় আছি। আশা করি, ভবিষ্যতে দেশকে আরও ভালোভাবে বিশ্বের কাছে উপস্থাপন করতে পারব।’
‘পতাকার জন্য খেলি’ শিরোনামে প্রথম আলোতেই একবার একটা কলাম লিখেছিলেন মাশরাফি বিন মুর্তজা। সেখানেই বলেছিলেন, মাঠে খেলার আগে গাওয়া জাতীয় সংগীত আর উড়তে দেখা লাল-সবুজ পতাকাটা দেশের জন্য কিছু করার তাড়না এনে দেয় ভেতরে। কাল রেকর্ড গড়ার পরও বলছিলেন, ‘জাতীয় সংগীত গাওয়ার সময় সবার মধ্যেই একটা অন্য রকম অনুভূতি কাজ করে। আজও (গতকাল) সেটা হয়েছে। বাংলাদেশের সবাই একসঙ্গে গানটা গাইছে। আমরাও আমাদের জায়গা...মাঠের ভেতর দাঁড়িয়ে গানটা গেয়েছি। এই গান মাঠে খেলতে নামার আগে আমাদের উজ্জীবিত করে।’ জাতীয় সংগীতের রেকর্ডের অংশ হতে পেরে আনন্দিত তামিম ইকবালও, ‘এ রকম একটা বিশ্ব রেকর্ডের অংশ হতে পেরে গর্বিত। একসঙ্গে গানটা গেয়ে আমরা আবারও প্রমাণ করলাম, পুরো বাংলাদেশ এক।’
তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ জাতীয় সংগীত নিয়ে একটা খচখচানিও তৈরি করেছে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মনে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের আগে দুই দলের জাতীয় সংগীত বাজছে।
বিস্ময়কর হলেও সত্যি, অন্য সব দেশের ক্ষেত্রে শিল্পীদের কণ্ঠে গানটি গাওয়া হলেও বাংলাদেশের ক্ষেত্রে বাজছে শুধু যন্ত্রসংগীত।
কেন বাংলাদেশের বেলায় এই ব্যতিক্রম, সে প্রশ্নের উত্তর দিতে পারলেন না স্বয়ং বোর্ড সভাপতি নাজমুল হাসানও, ‘এটা আমারও দুঃখ। আমারও মনে হয়েছে আমাদের দেশের বেলায় গানটা গাওয়া হয় না কেন! আমরা এটা বদলানোর চেষ্টা করব।’