বিশ্ব রেকর্ডের আশায় 'প্লাতিনির মন্দির'

ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনির অগণিত ভক্ত ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে। কিন্তু সাইপ্রাসের আরেক প্লাতিনি নিশ্চিতভাবেই সবাইকে পেছনে ফেলে দিতে পারবেন। নিজের প্রিয় খেলোয়াড়ের জন্য পুরো একটা জাদুঘরই বানিয়ে ফেলেছেন ফিলিপ্পোস স্টাভ্রোউ প্লাতিনি। ‘মিশেল প্লাতিনি মন্দির’ নামে পরিচিত এই জাদুঘরে আছে ফ্রান্সের সাবেক অধিনায়কের স্মৃতিবিজড়িত ২১ হাজারেরও বেশি স্মারক।

ফিলিপ্পোর সংগ্রহশালায় আছে প্লাতিনির ব্যবহার করা বেশ কয়েকটি জার্সি। ৫৮ বছর বয়সী প্লাতিনির ব্যবহার করা একটা কাপও আছে এই জাদুঘরে। দীর্ঘদিন ধরে বিশাল এ সংগ্রহশালাটি গড়ে তোলার জন্য ফিলিপ্পো খরচ করেছেন দুই লাখ ইউরো। আর এখন এটার নাম গিনেস রেকর্ড বুকে তোলারও চেষ্টা করে যাচ্ছেন ফিলিপ্পো। বর্তমানে রেকর্ডটা আছে পর্তুগালের বেনফিকা সমর্থক ফার্নান্দো দা সিলভার দখলে। তাঁর সংগ্রহশালায় আছে ১৬২৫টি সামগ্রী।
সর্বকালের সেরা ফুটবলার নির্বাচন নিয়ে অনেক বিতর্ক থাকলেও ফিলিপ্পোর চোখে প্লাতিনিই বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়। নিজের আদর্শ ফুটবলারের সাক্ষাত্ও পেয়েছেন ফিলিপ্পো। ২০০৯ সালে সাইপ্রাস সফরে গিয়ে নিজের এই একনিষ্ঠ ভক্তটির সঙ্গে দেখা করেছিলেন উয়েফার সভাপতি।