বিশ্ব সাঁতারে নারী রাজত্ব
মেয়েদের রাজত্বই দেখল বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ।ছয়টি সোনা জিতে মিসি ফ্র্যাঙ্কলিন ইতিহাস গড়েছেন। দুটি করে বিশ্ব রেকর্ড করেছেন রুতা মেইলুতিতে ও কেটি লেডেকি। বার্সেলোনার বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের পুরো আলোটাই নিজেদের দিকে টেনে আনা তিন কন্যার কারও বয়সই পেরোয়নি ১৮। মেইলুতিতে ও লেডেকির বয়স তো মাত্র ১৬।ফেল্প্স-উত্তর যুগে প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সবচেয়ে বড় তারকাকে হারিয়ে ফেলা পুরুষদের বিভাগ যেন ভাঙা হাট। নতুন কোনো বিশ্ব রেকর্ড হয়নি। উঠে আসেনি কোনো নতুন মুখ। রেকর্ড ভাঙাগড়ার সবটাই হয়েছে মেয়েদের বিভাগে। ছয়টি নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন নারী সাঁতারুরা। লিথুয়ানিয়ার মেইলুতিতে ৫০ ও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে, লেডেকি ৮০০ ও ১৫০০ মিটার ফ্রিস্টাইলে এবং ডেনমার্কের রাইকে মোলার পেডারসেন ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বিশ্ব রেকর্ড লিখেছেন নতুন করে। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটেই রাশিয়ার ইউলিয়া ইয়েফিমোভার গড়া বিশ্ব রেকর্ডটি সেমিফাইনালেই ভেঙে দিয়েছেন মেইলুতিতে।মেয়েদের সাঁতারের গভীরতা বোঝাতে গিয়ে লেডেকি টেনে আনলেন মাইকেল ফেল্প্সকে, ‘এই মুহূর্তে ভালো নারী সাঁতারুর অভাব নেই। মাইকেল বিশাল এক কীর্তি করে গেছে। সে নারী-পুরুষ সবারই অনুপ্রেরণা। ছেলেরা তার রেকর্ডের পেছনে ছুটছে, তবে সেখানে পৌঁছানো কঠিন। সময়টা এখন মেয়েদের।’ফ্র্যাঙ্কলিন ইতিহাস গড়লেও মেয়েদের বিভাগে সেরা সাঁতারু হয়েছেন ৪০০, ৮০০, ১৫০০ মিটার ফ্রিস্টাইল ও ৪–২০০ মিটার ফ্রিস্টাইল রিলে জেতা লেডেকি। পুরুষ বিভাগে সেরা ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার ফ্রিস্টাইল জিতে গ্র্যান্ট হ্যাকেটের কীর্তি ছোঁয়া চীনের সুন ইয়াং। ফেল্প্সকে ছাড়াই পদকতালিকায় আধিপত্য ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। ১৩টি সোনাসহ মোট ২৯টি পদক জিতেছে দলটি। অনেক পেছনে থেকে দ্বিতীয় সুন ইয়াংয়ের চীন (৫টি সোনা)। তিনটি সোনাসহ ১৩টি পদক জিতে চারে অস্ট্রেলিয়া। লন্ডন অলিম্পিকে নজিরবিহীন ব্যর্থতার পর এটাকে অস্ট্রেলীয়রা দেখছে কক্ষপথে ফিরে আসার প্রথম পদক্ষেপ হিসেবেই। ব্যর্থ তারকা: মেয়েদের যখন জয়জয়কার, তখন চরমভাবে ব্যর্থ চীনের ইয়ে শিউয়েন। লন্ডনে ২০০ ও ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির চ্যাম্পিয়ন শিউয়েন এই দুই ইভেন্টে বার্সেলোনায় হয়েছেন যথাক্রমে চতুর্থ ও সপ্তম। অলিম্পিকে ৪০০ মিটারের বিশ্ব রেকর্ড গড়ার পথে শেষ লেগটায় শিউয়েন সময় নিয়েছিলেন চ্যাম্পিয়ন রায়ান লোকিটর চেয়েও কম। সেই শিউয়েন এবার ৪০০ মিটারে সময় নিয়েছেন নিজের বিশ্ব রেকর্ডের চেয়ে ১০ সেকেন্ড বেশি। এএফপি।