বিশ্ব সিটি দাবায় বাংলাদেশ
গত মাসে তুরস্কে শেষ হওয়া দাবা অলিম্পিয়াডে ভালো ফলাফলের পুরস্কার পেল বাংলাদেশ দল। আগামী ২১-২৯ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আল আইনে অনুষ্ঠেয় বিশ্ব সিটি দাবার দলগত চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমানরা।দাবা অলিম্পিয়াডের ফলাফলের ভিত্তিতে ২৫টি অঞ্চল থেকে খেলবে ২৫টি দল। ৩.২ অঞ্চলের সেরা বাংলাদেশ সব মিলিয়ে ৩৩তম স্থান পায়। টুর্নামেন্টে খেলা ৩২ দলের অন্য ৭টি হলো—অলিম্পিয়াড চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন, ইউরোপ, এশিয়া, আমেরিকা, আফ্রিকান চ্যাম্পিয়ন ও স্বাগতিক আরব আমিরাত। চারটি করে দল ৮টি গ্রুপে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে শেষ ষোলোয়। ‘জি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী সুইডেন, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি বাংলাদেশিদের জন্য সব রকম ভিসা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সে ক্ষেত্রে খেলতে যাওয়া নিয়ে সংশয়ে আছেন দাবাড়ুরা। জাতীয় জুনিয়র দাবা: জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০ বছর) দাবায় তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে আবদুল্লাহ আল সাইফ, ইকরামুল হক সিয়াম, অভিক সরকার, মোহাম্মদ সাগর ও প্রতিভা তালুকদার।