বিশ্ব হকি লিগ ঢাকায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বিশ্ব হকি লিগের আঞ্চলিক পর্বের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। ৫-৭ সেপ্টেম্বর ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হওয়ার কথা বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে অনুষ্ঠেয় চার জাতির এই টুর্নামেন্ট।
কিন্তু এই প্রতিযোগিতা আয়োজনের শুরুতেই একটা বাধা পেরোতে হচ্ছে ফেডারেশনকে। গত ২৪ এপ্রিল আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) ই-মেইলে জানিয়েছে, আয়োজক দেশকে টুর্নামেন্টের জননিরাপত্তা বিমা বাবদ ১.৫ মিলিয়ন সুইস ফ্রাঁ (গ্যারান্টি মানি) দিতে হবে। অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১৩ কোটি ২০ লাখ টাকার বিমা করতে হবে। অথচ গত বছরের শেষের দিকে যখন এফআইএইচ এবং বাংলাদেশ হকি ফেডারেশনের মধ্যে স্বাগতিক হওয়ার চুক্তিপত্র সই হয় তখন বিষয়টা জানা ছিল না কর্মকর্তাদের! গত মাসে ঘটনাটা জানতে পেরে ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারীকে ওই মেইল অবহিত করেন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ। পরে যোগাযোগ করা হয় এফআইএইচের সঙ্গে। এফআইএইচ জানিয়েছে, বিমার প্রিমিয়ামের শতকরা এক ভাগ টাকা এফআইএইচ-কে দিলেই চলবে। এর মানে প্রায় ১৩ লাখ টাকার বিমা করালেই ঢাকায় থাকবে ভেন্যু। ফেডারেশন সাধারণ বিমা ও গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গে আলোচনা করছে । টুর্নামেন্টের বাজেটের সঙ্গে বাড়তি এই টাকাটাও জোগাড়ের চেষ্টা চলছে। ভেন্যু বাতিলের কোনো শঙ্কা নেই বলে জানালেন খাজা রহমতউল্লাহ৷
বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ডের খেলা হবে বিশ্বের ৯টি দেশে। ঢাকায় বাংলাদেশ ৫ সেপ্টেম্বর হংকংয়ের সঙ্গে, ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে খেলবে।