বিশ্বকাপ অনিশ্চিত জনসনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিচেল জনসন
মিচেল জনসন

আগে থেকেই সংশয় ছিল জেমস ফাল্কনারকে নিয়ে। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সেটা এখনো নিশ্চিত না। নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের অন্যতম প্রধান ভরসা মিচেল জনসনকে নিয়েও। ডান পায়ের বুড়ো আঙুলে সংক্রমণ দেখা দেওয়ায় সতীর্থদের সঙ্গে বাংলাদেশে আসতে পারছেন না বাঁহাতি এই পেসার।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে আগামী রোববার বাংলাদেশে পৌঁছানোর কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু জর্জ বেইলিদের আসতে হবে জনসনকে ছাড়াই। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি অস্ট্রেলিয়াতেই থাকবেন বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান চিকিত্সক জাস্টিন পাওলিনি, ‘জনসনের চিকিত্সা চলছে, কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁর বাংলাদেশে যাওয়াটা পিছিয়ে যেতে পারে। আমরা পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তাঁকে এখানেই থাকতে হবে।’ দক্ষিণ আফ্রিকা সফরের শেষ টেস্টটা চলার সময় ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত পেয়েছিলেন জনসন। সেটা থেকেই শুরু হয়েছে এই সংক্রমণ।

শেষ পর্যন্ত যদি সত্যিই না খেলতে পারেন তাহলে সেটা অস্ট্রেলিয়ার জন্য একটা বড় আঘাতই বলতে হবে। সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফর্মেই ছিলেন জনসন। অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পেছনে অন্যতম প্রধান ভূমিকা ছিল বাঁহাতি এই পেসারের। দক্ষিণ আফ্রিকা সফরেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তিন টেস্ট মিলিয়ে শিকার করেছেন ২২টি উইকেট।— ক্রিকইনফো