বিশ্বকাপ অনিশ্চিত সুয়ারেজের!

বিশ্বকাপের ‘ডি’ গ্রুপটা সত্যিই মৃত্যুকূপ। একই গ্রুপে আছে তিনটি বিশ্বকাপজয়ী দল ইতালি, ইংল্যান্ড ও উরুগুয়ে। অন্য দল কোস্টারিকাও হুমকি হয়ে উঠতে পারে যেকোনো প্রতিপক্ষের জন্য। এমন একটি গ্রুপের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কাজটা মোটেই সহজ নয়। উরুগুয়ের জন্য সেই কাজটা হয়ে যেতে পারে আরও কঠিন। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ইনজুরির কবলে পড়েছেন দলের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর বিশ্বকাপ-স্বপ্ন।
গতকাল উরুগুয়ের সতীর্থদের সঙ্গে অনুশীলনের সময় কিছুটা অস্তস্তিবোধ করছিলেন। পরে পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, এই সপ্তাহেই হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে লিভারপুলের এই তারকাকে। এরপর সুস্থ হয়ে উঠতে সাধারণত ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। সুস্থ হয়ে ম্যাচ খেলার মতো ফিটনেস পেতে পেতেও আরও কিছুদিন। এত ঝক্কি সামলে সুয়ারেজ শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সেটা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
দীর্ঘদিন ধরেই ফুটবলের বড় আসরগুলোতে উরুগুয়ের অন্যতম প্রধান ভরসা সুয়ারেজ। ২০১০ সালের বিশ্বকাপেও উরুগুয়ের সেমিফাইনালে যাওয়ার পেছনে বড় ভূমিকা ছিল ২৭ বছর বয়সী এই ফুটবলারের। পরের বছর উরুগুয়ের কোপা আমেরিকা জয়ের প্রধান কারিগরও ছিলেন সুয়ারেজ। সেই আসরে করেছিলেন চারটি গোল।
শুধু উরুগুয়ের নয়, বিশ্বকাপেরই অন্যতম বড় তারকা সুয়ারেজ। এবারের মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার। ৩১টি গোল করে হাতে তুলেছেন ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও। সেই সুয়ারেজই যদি বিশ্বকাপে খেলতে না পারেন, তাহলে নিশ্চিতভাবেই কিছুটা রং হারাবে ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতাটি। সূত্র: বিবিসি অনলাইন।