বিশ্বকাপ আয়োজনে ব্রাজিলের প্রাপ্তি-অপ্রাপ্তি

ব্রাজিলের বিশ্বকাপ আয়োজন নিয়ে খোদ ব্রাজিলই দ্বিধাবিভক্ত। একটু অবাক হওয়ার মতোই ব্যাপার। বিশ্বকাপ ফুটবল আয়োজনকে যদি সম্মানের ব্যাপার হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে ব্রাজিল তো দাঁড়িয়ে নতুন ইতিহাস তৈরির সামনে! এটা নিয়ে ব্রাজিলীয়দের বিভক্তিটা একটু ভাবিয়েই তুলেছে বাকি বিশ্বকে।
ব্রাজিলীয়দের অনেকেই মনে করেন, বিশ্বকাপের মতো আসর আয়োজনে ব্রাজিলের যৌক্তিক কোনো কারণ নেই। বিশ্বের সপ্তম বৃহত্ অর্থনীতির এ দেশটির নাগরিকদের একটা বড় অংশ যখন বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে এ ধরনের মনোভাব পোষণ করেন, তখন ধরে নিতে হয়, এর পেছনের কারণটা অনেক বেশি বিস্তৃত।
বিশ্বকাপ আয়োজনে ব্রাজিলের খরচ কত জানেন? বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন অনুযায়ী এই খরচটা মার্কিন ডলারে ছাড়িয়ে গেছে ১১ বিলিয়ন। বাংলাদেশি টাকায় যা ৮৫ হাজার কোটি টাকারও বেশি। বাংলাদেশের জাতীয় বাজেট যেখানে দুই লাখ কোটি টাকার আশপাশে ঘোরাফেরা করে, সেখানে এই পরিমাণ অর্থ খরচের ব্যাপারটা আমাদের মাথা ঘুরিয়ে দেওয়ার পক্ষে অনেক বেশিই। একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের এত খরচ? সত্যিই ভাবা যায় না!
খরচের এই অঙ্কটা নিয়েই যত গোলমাল। বিশ্বকাপ আয়োজনের আগমুহূর্তে যেখানে ব্রাজিলীয়দের উত্সব-আনন্দে উদ্বেল হওয়ার কথা, সেখানে দেশটির আনাচকানাচে চলছে বিক্ষোভ আর আন্দোলন। সচেতন সবারই এককথা, বিশ্বকাপ আয়োজনে এত খরচ না করে ব্রাজিল সরকার কেন গৃহায়ণ, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ-অবকাঠামোর মতো বিষয়গুলোতে টাকা খরচ করছে না।
উন্নয়নশীল এই লাতিন দেশটি যেখানে বছরের পর বছর ধরে অজস্র সামাজিক সমস্যায় জর্জরিত, গৃহায়ণ, স্বাস্থ্যসেবা ও গণপরিবহন-ব্যবস্থাপনার অসংগতি, যেখানে ব্রাজিলীয়দের প্রাণে নাভিশ্বাস তুলছে, সেখানে বিশ্বকাপে ১১ বিলিয়ন মার্কিন ডলার খরচ যথেষ্ট বাড়াবাড়ি হয়ে যায়—নয় কী!
তবে বিষয়টাকে ঠিক এভাবে দেখতে চান না ব্রাজিলের পর্যটনমন্ত্রী ভিনিশিয়াস ল্যাগেস, ‘বিশ্বকাপ আয়োজনটা আমাদের অবকাঠামোগত উন্নয়নের একটা অনুষঙ্গ হিসেবে ধরা যেতে পারে। বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়েই আমরা অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড চালাচ্ছি।’
তিনি কিছু তথ্য দিয়েও বিশ্বকাপ আয়োজনের পক্ষে সাফাই গেয়েছেন, ‘বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে আমাদের দেশে পর্যটনশিল্পের ব্যাপক প্রসার ঘটছে। বিশ্বকাপের সময় এই খাতেই ব্রাজিলের আয় হবে ১৩.৩ বিলিয়ন ডলার। পর্যটনমন্ত্রীর দেওয়া এই তথ্য যদি সঠিক হয়, তাহলে বিশ্বকাপ আয়োজন করে ব্রাজিলের লাভবানই হওয়ার কথা।
পর্যটনমন্ত্রী একাই বিশ্বকাপ আয়োজনের পক্ষে সাফাই গেয়ে চলছেন না। বেসরকারি গবেষণা সংস্থা আরনস্ট অ্যান্ড ইয়ং এবং গেতুলিও ভারগাস ফাউন্ডেশন ২০১২ সালে একটা গবেষণা প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছিল, ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল ও ২০১৬ সালে রিও ডি জেনিরোয় আয়োজিত বিশ্ব অলিম্পিক ব্রাজিলের বিনিয়োগ খাতে এক অভূতপূর্ব জোয়ার সৃষ্টি করবে। তাদের মতে, এই দুটো আয়োজনের মাধ্যমে গোটা ব্রাজিলে ৩৬ লাখ মানুষের জন্য চাকরির সৃষ্টি হবে।
তবে এই দুটো সংস্থার মতে, এই আয়োজনযজ্ঞ ব্রাজিলকে লাভবান করতে পারে তখনই, যখন ব্রাজিল এই বিশ্বকাপ উপলক্ষে নির্মিত বিভিন্ন অবকাঠামোকে স্থায়ী সম্পদে রূপ দিতে পারবে।
এ বছরের মার্চ মাসে রেটিং প্রতিষ্ঠান মুডিস গবেষণাপত্র প্রকাশ করেছে, সেটাও বিশ্বকাপের পক্ষেই থাকছে। তারা বলেছে, অনেকেই বিশ্বকাপ আয়োজনে ব্রাজিলের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন। কিন্তু সত্যি কথা বলতে কি, গোটা অর্থনীতির ওপর এর প্রভাব সামান্যই; বরং বিশ্বকাপ ব্রাজিলের অর্থনীতিকে গতিশীল করবে।
ব্রাজিলীয় অর্থনৈতিক বিশ্লেষক বারবারা ম্যাটস অবশ্য আশঙ্কা প্রকাশ করেছেন, বিশ্বকাপের কারণে যে অর্থনৈতিক গতিশীলতার কথা বলা হচ্ছে, সেটা খুবই ক্ষণস্থায়ী। তিনি আরও বলেন, বিশ্বকাপ এক মাস ধরে গোটা ব্রাজিলে বিভিন্ন ধরনের স্থবিরতা এনে দেবে। মানুষ কাজে মনোযোগ কম দেবে। সবাই ফুটবল নিয়ে মেতে থাকবে। গুরুত্বপূর্ণ কর্মঘণ্টার অপচয় হবে। কর্মদিবসে বিশ্বকাপ স্টেডিয়াম ও সংলগ্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি করবে। এসব কিছুই অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে।
জার্মানির হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উলফগ্যাং মায়েনিংয়ের মতে, বিশ্বকাপ, অলিম্পিক—এসবের প্রভাব অর্থনীতিতে খুবই ক্ষণস্থায়ী। তিনি ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রসঙ্গ তুলে বলেন, ‘আমাদের আয়োজনটা চমত্কার হয়েছিল। সবাই খুব উপভোগ করেছিল। কিন্তু আয়োজন শেষে সবাই একটি কথাই বলেছে, “দারুণ আয়োজন কিন্তু পুরো ব্যাপারটি থেকে সাধারণ মানুষ কী পেল?”’
মায়েনিংয়ের মতে, বিশ্বকাপ আয়োজনের ব্যাপারটি বিভিন্ন পর্যায়ে বিস্তৃত। তাই এ থেকে লাভ হচ্ছে নাকি লোকসান, সেটা মোটা দাগে বিচার করা অসম্ভব।
বিশ্বকাপের জন্য ১২টি শহরে নতুন স্টেডিয়াম তৈরি ও সংস্কারের পেছনে ব্রাজিল সরকার যে খরচ করেছে, সেটার একটা গুরুত্বপূর্ণ ও নির্দিষ্ট অর্থনৈতিক গুরুত্ব রয়েছে বলে মনে করেন মায়েনিং। তিনি বলেন, এই সংস্কারগুলোর পেছনে ব্রাজিল সরকার হয়তো আগামী ১৫ বছরে এমনিতেই খরচ করত, কিন্তু বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে এই খরচটা একই সঙ্গে হয়ে গেল। তবে দেশের ‘ব্র্যান্ড মর্যাদা’ বৃদ্ধিই বিশ্বকাপ আয়োজনে ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হবে বলে মনে করেন মায়েনিং। তিনি অবশ্য উল্টোটারও আশঙ্কা করেছেন, ‘কনফেডারেশনস কাপের মতো যদি বিক্ষোভ ও দাঙ্গা বিশ্বকাপের সময়ও সংঘটিত হয়, তাহলে ব্রাজিলের ইমেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে—অর্থনীতিতে যার প্রভাব সুদূরপ্রসারী।
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফও বিশ্বকাপের সুদূরপ্রসারী অর্থনৈতিক গুরুত্বকেই তুলে ধরতে চান। তিনি বলেন, ‘বিশ্বকাপের জন্য আমরা যে অবকাঠামোগত উন্নয়ন করেছি, সেটা ফিফার নয়, সেটা অংশগ্রহণকারী অন্যান্য দেশেরও নয়। একান্তই আমাদের। এসবের সুবিধা ব্রাজিলীয়রাই ভোগ করবে। এমনকি বিশ্বকাপ উপলক্ষে যে পর্যটকরা ব্রাজিলে আসবেন, তাঁরাও ব্রাজিলের অর্থনীতিতে অবদান রাখবেন। সুতরাং পুরো বিষয়টির প্রভাবই সুদূরপ্রসারী। সংকীর্ণ চিন্তাধারার নিক্তিতে ব্যাপারটি পরিমাপ যাঁরা করছেন, তাঁরা বোকার স্বর্গেই বাস করছেন।’