বিশ্বকাপ আয়োজন না করেও মুনাফার অংশীদার পাকিস্তান!
আগামী ফেব্রুয়ারি থেকে উপমহাদেশে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ হিসেবে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানের নামটাও ছিল। কিন্তু সন্ত্রাসের সঙ্গে পাকিস্তান নামটা সমার্থক হয়ে যাওয়ার পাশাপাশি গত বছরের মার্চে সফরকারী শ্রীলঙ্কান ক্রিকেট দলের খেলোয়াড়দের বহনকারী বাসে সন্ত্রাসী হামলা হওয়ায় নিরাপত্তার স্বার্থে সেখান থেকে ভেন্যু সরিয়ে নেয় আইসিসি। বিশ্বকাপের একটি সেমিফাইনালসহ মোট ১৪টি ম্যাচ হওয়ার কথা ছিল পাকিস্তানের বিভিন্ন শহরে। ভেন্যু সরিয়ে নেওয়ার ব্যাপারে পাকিস্তানের প্রবল আপত্তি থাকলেও, পাকিস্তানে ক্রিকেট খেলতে যাওয়ার ব্যাপারে বাকি ক্রিকেট বিশ্বের গভীর অনীহা থাকায়, সে আপত্তি ধোপে টেকেনি।সন্ত্রাসবাদ নিয়ে ব্যাপক ইমেজ সঙ্কট থাকার পরও আসন্ন বিশ্বকাপ পাকিস্তানের জন্য আশীর্বাদই হয়ে আসছে। না, আয়োজক হওয়ার কোনো সুযোগ তাদের নেই। তবে যে ১৪টি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই ম্যাচগুলোর মুনাফার পুরো অংশীদারিই পেতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির নবনিযুক্ত সভাপতি শারদ পাওয়ার নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি ইজাজ বাটকে এমন আশ্বাসই দিয়েছেন। বিশ্বকাপের তিন আয়োজক ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কারও নাকি তাতে কোনো আপত্তি নেই।আইসিসি সূত্র জানিয়েছে, আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে অংশ নিতে না পারলেও পাকিস্তানকে আশ্বাস দেওয়া হয়েছে, ১৪টি ম্যাচের আয়োজক ফি ও ওই ম্যাচগুলো থেকে স্পনসরশিপ ও টিকিট বিক্রি থেকে যে আয় হবে, সেটা তাদের বুঝিয়ে দেওয়া হবে।তার মানে, আয়োজক না হতে পারলেও আর্থিক দিয়ে লাভই হচ্ছে পাকিস্তানের। অন্যদিকে, পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে আসা ১৪টি ম্যাচ ভাগাভাগি করে আয়োজন করেও ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার অর্থিক লাভের ঘর শূন্যই থেকে যাচ্ছে।