বিশ্বকাপ আয়োজনে সবাইকে ‘মন্ত্রমুগ্ধ’ করতে চায় দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ আদৌ দক্ষিণ আফ্রিকা সুষ্ঠুভাবে আয়োজন করতে পারবে কি না তা নিয়ে সংশয়ের অন্ত ছিল না। ২০০৪ সালে দেশটি যখন ২০১০ সালের বিশ্বকাপ আয়োজনের অনুমতি পেয়েছিল তখন থেকেই সমালোচকেরা এত বড় একটি আয়োজনের ব্যাপারে দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ও ক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করে আসছিল। বিশ্ব মিডিয়ায় দক্ষিণ আফ্রিকাকে নিয়ে নানা নেতিবাচক সংবাদ পরিবেশনের কারণে এই বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল এখনো কাটেনি। বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি থাকতে আন্তর্জাতিক মহল এখনো বিশ্বাস করতে চাইছে না যে বিশ্বকাপের মতো একটি প্রতিযোগিতা আয়োজনের জন্য দেশটি পুরোপুরি প্রস্তুত। তবে দক্ষিণ আফ্রিকা এত সমালোচনা, সন্দেহ ও সংশয়ের মধ্যেও চালিয়ে যাচ্ছে নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত রূপ দেওয়ার কাজ। আয়োজকেরা আশা করছেন, ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপের আয়োজন করেই দক্ষিণ আফ্রিকা সব সমালোচনা ও সন্দেহের জবাব দেবে।দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান ড্যারি জর্ডান রয়টার্সকে বলছেন, ‘গত কয়েক বছর ধরে বিশ্বকাপ আয়োজনে দক্ষিণ আফ্রিকার ক্ষমতা নিয়ে অনেকে অনেক কথা বলেছে, অনেক ভবিষ্যদ্বাণী করেছে। আশা করছি, আগামী ১১ জুন সেই সমালোচকেরা সবাই ‘মন্ত্রমুগ্ধ’ হয়ে যাবে।’ আয়োজকেরা যাই বলুন না কেন, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে সবার চিন্তার মূল কারণ নিরাপত্তার অভাব ও অভ্যন্তরীণ সহিংসতা। দেশটিতে প্রতিদিন গড়ে ৫০টি খুন হয়। এটাই বিশ্বের বিশেষ করে ইউরোপের ফুটবল সমর্থকদের মতে ভীতির সঞ্চার করেছে। এই দুটি ব্যাপারে সন্দেহ দূর হলেই বিশ্বকাপ আয়োজনে দেশটির ক্ষমতা নিয়ে সংশয় অনেকটাই কেটে যাবে বলে সবার ধারণা। দেশটির ভবিষ্যত্ পর্যটন ও বিনিয়োগের ক্ষেত্রে এ সংশয় দূর করার কোনো বিকল্প নেই। তা ছাড়া মুদ্রাস্ফীতির কারণে দেশটিতে দৈনন্দিন খরচ অনেক বেশি। দীর্ঘ এই প্রতিযোগিতায় সমর্থকেরা বাড়তি খরচের আশঙ্কাও করছেন। সব মিলিয়ে সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বিদেশি পর্যটকের সংখ্যা সাড়ে চার লাখ থেকে কমে তিন লাখ ৭০ হাজার বা তারও নিচে নেমে গেছে। এটা বিশ্বকাপের মতো একটি প্রতিযোগিতা আয়োজনকারী দেশের জন্য কোনোমতেই সুখকর পরিসংখ্যান নয়। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা অবশ্য এই বিশ্বকাপকে দক্ষিণ আফ্রিকার বিচিত্রতা ও সম্ভাবনা বিশ্বের সামনে তুলে ধরার মস্ত বড় এক সুযোগ হিসেবেই দেখছেন। তিনি বলেছেন, ‘আফ্রিকা মহাদেশের সম্ভাবনা সবার সামনে উন্মুক্ত করার প্রতীক্ষায় রয়েছি আমরা, অনেকের মধ্যে আমাদের নিয়ে যে সংশয় রয়েছে, আশা করছি, সফল বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে আমরা তা দূর করতে পারব।’দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আশার বাণী শুনিয়েছেন জ্যাকব জুমা। নিরাপত্তা-ব্যবস্থা নিয়ে কোনো সংশয় নেই দাবি করে জুমা বলেন, ‘যথাযথ নিরাপত্তার স্বার্থে ৪১ হাজার পুলিশ সদস্য নিয়োজিত করাসহ ১৭৪ মিলিয়ন ডলারের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যটকেরা এখানে নির্ভয়ে আসতে পারেন।