জোহানেসবার্গদক্ষিণ আফ্রিকা এলেই গাত্রবর্ণের কথা উঠে যায়। এমন নয় যে শুধু পর্যটকদের মুখেই এটা বেশি উচ্চারিত হয়। এখানকার মানুষই তো অহরহ বলছেন এসব! সে একজন ব্ল্যাক (কালো) খেলোয়াড়, ওই হোয়াইট খেলোয়াড়টি বিয়ে করেছে এক কালো মেয়েকে, পুলিশ বিভাগে অনেক নারী কর্মকর্তাই কালারড (রঙিন!) ইত্যাদি ইত্যাদি। কেমন যেন লাগে, মনে হয় মানুষ এখানে গায়ের রঙের ফেরিওয়ালা!দেশটিকে বলা হয় রংধনুর দেশ, সাত রঙের বর্ণালি। আসলে সব ভাষা, গোত্র আর বর্ণের মানুষকে একই পতাকার নিচে আনতে নেলসন ম্যান্ডেলাই নাম দিয়েছিলেন রংধনুর দেশ, আ রেইনবো কান্ট্রি। কিন্তু কোথায় রংধনুর সাত রং, এখানে কেবলই তিনটি রং—কালো, সাদা আর মিশ্র। নীরবে নীরবে এখনো বর্ণবাদের ঘুণপোকা কুরে কুরে খাচ্ছে দেশটিকে।এই বর্ণবাদ খেলাকে শ্রেণীবিভক্ত করে ফেলেছিল একসময়। রাগবি, ক্রিকেট আর হকি হলো সাদাদের খেলা। কালোদের খেলা ফুটবল। তাই এখনো কালোরাই ফুটবল বেশি খেলে। সাদার সংখ্যা খুবই কম। এই তো এখানে এসে দেখছি, সব ফুটবল কর্মকাণ্ডেই কালোদের দাপট। পঁচানব্বই, পাঁচের মতো। এলিস পার্ক স্টেডিয়ামের গা ঘেঁষে থাকা ইঞ্জিনিয়ারিং কলেজের পুরকৌশল তৃতীয় বর্ষের ছাত্রী লেরাতোর সঙ্গে এ নিয়েই কথা হলো দীর্ঘক্ষণ। লেরাতো নিজেও এই ব্যাপারটা জানেন। কিন্তু সবকিছু অদৃষ্টের ওপর ছেড়ে দিয়েছেন। আমি বললাম, ‘এই নীরব বর্ণবাদের বিরুদ্ধে আবারও একটা লড়াই করেন না কেন?’ লেরাতোর উত্তর, ‘তাতে আমাদেরই ক্ষতি হবে। আমরা কালোরা খুবই অলস। লেখাপড়া করতে চাই না। আর সাদারা না থাকলে এ দেশের অর্থনীতিই শেষ হয়ে যাবে।’তবে সাদাদের বিরুদ্ধে আন্দোলনের কোনো হুমকি যে নেই, তা নয়। কৃষ্ণাঙ্গ নেতারা, বিশেষ করে তরুণ নেতারা খুবই সোচ্চার। এই যে নেলসন ম্যান্ডেলা প্রথমে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসতে চাইছিলেন না, তার পেছনেও এর একটা হাত আছে। আগামী মাসে ম্যান্ডেলা ৯২ বছরে পড়বেন। একেবারেই অশীতিপর বৃদ্ধ। হাঁটতে পারেন না। কথা বলতেও কষ্ট হয়। শীতে কাবু হয়ে পড়েছেন। এটা একটা কারণ। তবে এখানকার লোকজন বলছে, আসল কারণটা তলে তলে কালোদের দিক দিয়ে বর্ণবাদটা অন্যভাবে মাথাচাড়া দিয়ে ওঠায়।আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের তরুণ নেতারাই স্থানীয় বিশ্বকাপ আয়োজক কমিটির বড় বড় পদে। আর ওঁরাই যেহেতু নতুন বর্ণবাদের উদ্গাতা, তাই ম্যান্ডেলার মনের মধ্যে জমেছিল ক্ষোভ।তবে সবকিছুর পরও দক্ষিণ আফ্রিকা ফুটবল দল, দলের ব্রাজিলিয়ান কোচ কার্লোস আলবার্তো পাহেইরা এবং বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমার একান্ত প্রচেষ্টাতে উদ্বোধনী অনুষ্ঠানে আসতে রাজি হয়েছিলেন ম্যান্ডেলা।কিন্তু বাদ সাধল নিয়তি। গত পরশু সোয়েটোতে ‘কিক-অফ সেলিব্রেশন কনসার্ট’ দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছে কিংবদন্তি এই নেতার নাতির মেয়ে; ১৩ বছর বয়সী জিনানি ম্যান্ডেলা। আপাতত এই শোকে মুহ্যমান হয়ে থাকা ম্যান্ডেলা এখনো বর্ণবাদের বিরুদ্ধে এক অহিংস যোদ্ধা। ১৯৯০ সালে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করে মহাত্মা গান্ধীর ভাবশিষ্য ম্যান্ডেলা তাঁর প্রথম মহাসমাবেশে ঘোষণ দিয়েছিলেন, ‘ফরগেট অ্যান্ড ফরগিভ’ অর্থাত্ ‘ভুলে যান, ক্ষমা করে দিন’। এখনো সেই নীতিতে অটল এই মানবতাবাদী নেতা।কিন্তু ম্যান্ডেলার কৃষ্ণাঙ্গ মানুষই যে এখনো মনের মধ্যে আঁকড়ে আছে গায়ের রং। এই যে এখানে ৩২টি দল এসেছে, বেশির ভাগ দক্ষিণ আফ্রিকানই (কালো) সমর্থন করছে, সে সব দেশের খেলোয়াড়দের যাঁদের গায়ের রং কালো। লেনক্স মোবাঙ্গা নামের এক স্বেচ্ছাসেবক সেদিন বললেন, তাঁদের প্রিয় দল ব্রাজিল। সমর্থনের সবচেয়ে বড় যুক্তি তো অবশ্যই তাঁদের ফুটবল-জাদু। তবে আরেকটা কারণ, ‘দেখেছেন ওদের বেশির ভাগ খেলোয়াড়ই কালো। পেলে কালো, সুতরাং আমরা ব্রাজিলকেই সাপোর্ট করি।’ রাস্তায়, স্টেডিয়ামে, শপিং মলে গেলে আপনি দেখতে পাবেন অজস্র বাজিলিয়ান খেলোয়াড়, কেউ কাকা, কেউ ফ্যাবিয়ানো, কেউ রবিনহো! আর্জেন্টিনা, জার্মানি, ইতালি বা অন্য কোনো সমর্থন অত তীব্র নয়। প্রথমত এরা বাফানা বাফানাদের পেছনে, তারপর কোনো দল বলতে ব্রাজিল। সমর্থনও যদি গায়ের রঙের বিচারে হয়, তাহলে মুশকিল! কিন্তু তাই তো হচ্ছে এখানে। বিশ্বকাপ যেমন সততই রঙিন, আফ্রিকার প্রথম বিশ্বকাপ আরও রঙিন। কালো সাদা বাদামি।