বিশ্বকাপ এলেই তারা অন্য দল!
স্পট-ফিক্সিং বিতর্ক, বোর্ডের মধ্যে নানা অনিয়ম, এখনো বিশ্বকাপে অধিনায়কের নাম ঘোষণা না করা—দেশের ক্রিকেট যেভাবে এগোচ্ছে, তাতে পাকিস্তানিরা হতাশ। তবে সাবেক অধিনায়ক ও বিশ্বকাপজয়ী দলের সদস্য আমির সোহেল মনে করেন, পাকিস্তানের বর্তমান দলটি বিশ্বকাপে দেশবাসীকে হতাশা মোচনের একটা সুযোগ এনেও দিতে পারে। ‘আমি যদি সাধারণ মানুষের মতো কথা বলি, তাহলে অবশ্যই পাকিস্তানের বিশ্বকাপ জেতার কোনো সুযোগ দেখি না। কিন্তু আমি জানি, আসলে তা নয়’—বলেছেন আমির সোহেল। ‘আসলে তা নয়’—এই শব্দগুচ্ছ দিয়ে আমির সোহেল বোঝাতে চাইছেন পাকিস্তান ভালো করবে। ভালো করার জন্য তাঁর দেওয়া দাওয়াইটা হলো, ‘এখন খেলোয়াড়দের নিজেদের কাজটা শুধু ঠিকমতো করতে হবে এবং খেলতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে। যদি তারা সেটা করতে পারে, তাহলে অবশ্যই সবাইকে অবাক করে দেবে টুর্নামেন্টে।’১৯৯২ বিশ্বকাপ জয় আর ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের ওঠার ব্যাপারটি স্মরণ করিয়ে দিয়ে সোহেল উজ্জীবিত করতে চান খেলোয়াড়দের, ‘১৯৯২ সালের ব্যাপারটাই ধরুন। সেবার আমরা কাপ জিতলাম। আবার ১৯৯৯-এ উঠলাম ফাইনালে। অথচ এর আগে কেউ তখন আমাদের পাত্তাই দেয়নি। কিন্তু সেবার একটা দল হয়ে খেলেছিলাম এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় পাকিস্তান ওই টুর্নামেন্টগুলোতে সাফল্য পেয়েছিল।’ ওয়েবসাইট।