বিশ্বকাপ এলেই মুলার!

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনটা দীর্ঘ ৩২ বছর ধরে ছিল জার্ড মুলারের দখলে। ২০০৬ সালে জার্মান কিংবদন্তিকে পেছনে ফেলেছিলেন রোনালদো। কিন্তু এত বড় মাইলফলক তিনি হয়তো আর বেশি দিন নিজের দখলে রাখতে পারবেন না। ১৪ গোল করে তাঁর কাঁধে নিঃশ্বাস ফেলছেন জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। আচ্ছা ধরুন, এই বিশ্বকাপেই ক্লোসা রোনালদোর রেকর্ডটি ভেঙে দিলেন কিন্তু, ক্লোসাও সেই রেকর্ডটি নিয়ে শান্তিতে থাকতে পারবেন না। তাঁর দিকে ধেয়ে যাবেন আরেক জার্মান টমাস মুলার। আবারও হয়তো সেখানে দেখা যাবে মুলারের নাম। বদলে যাবে শুধু প্রথম অংশটি। জার্ডের জায়গায় লেখা হবে টমাস।
২০১০ সালে নিজের প্রথম বিশ্বকাপেই চমক দেখিয়েছিলেন টমাস মুলার। পাঁচটি গোল করে জিতেছিলেন গোল্ডেন বুটের পুরস্কার। সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও উঠেছিল মুলারের হাতে। গত বিশ্বকাপটা যেখানে শেষ করেছিলেন, এবার যেন সেখান থেকেই শুরু করেছেন ২৪ বছর বয়সী এই অ্যাটাকিং মিডিও। প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সেই পর্তুগালকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি।
দুই আসর মিলিয়ে এখন পর্যন্ত আটটি গোল করেছেন মুলার। সেটাও মাত্র সাত ম্যাচ খেলে। গোলগড়ের দিক থেকে পেছনে ফেলে দিয়েছেন জার্ড মুলারকেও। দুটি বিশ্বকাপে অংশ নিয়ে ১৩ ম্যাচ খেলে ১৪টি গোল করেছিলেন জার্মান কিংবদন্তি। গোলগড় ছিল ১.০৮। টমাস মুলারের গোলগড় ১.১৪। এই বিশ্বকাপে হয়তো গোলসংখ্যাটা আরও বাড়িয়ে নিতে পারবেন এই তরুণ তুর্কি।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনটা যে সত্যিই মুলারের দখলে যেতে পারে, সেটা জোর দিয়ে বলা যাচ্ছে তাঁর বয়স বিবেচনা করে। ২৪ বছর বয়সেই মুলার খেলছেন নিজের দ্বিতীয় বিশ্বকাপ। প্রথম সাত ম্যাচেই করে ফেলেছেন আটটি গোল। বড় ধরনের কোনো অঘটনের মুখে না পড়লে হয়তো অনায়াসেই খেলতে পারবেন আরও দুটি বিশ্বকাপ। সেগুলোতে অন্তত চার বা পাঁচটি করে ম্যাচ খেলতে পারলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি যে মুলারের দখলেই যাবে, তেমন ভবিষ্যদ্বাণী করাটা হয়তো খুব বেশি অযৌক্তিক হবে না।
এখনো খেলে যাচ্ছেন, এমন খেলোয়াড়দের মধ্যে ক্লোসা-রোনালদোর সবচেয়ে কাছাকাছি আছেন মুলার ও ডেভিড ভিয়া। দুজনেরই গোলসংখ্যা ৮। ৩২ বছর বয়সী ভিয়ার হয়তো এটাই শেষ বিশ্বকাপ। নিয়মিত মাঠে নামার সুযোগও পাচ্ছেন না এই স্প্যানিশ স্ট্রাইকার। অন্যদিকে মুলার হয়ে উঠেছেন জার্মান আক্রমণভাগের অন্যতম প্রধান সেনানী। প্রতিটি ম্যাচ তো খেলবেনই। প্রথম ম্যাচের মতো দুর্ধর্ষ হয়ে উঠতে পারলে এবারই হয়তো সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে এগিয়ে যাবেন অনেকখানি।