বিশ্বকাপ এসেছে, আছেন ক্লোসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লোসা
ক্লোসা

সময়ের সেরা দুই ফুটবলার রোনালদো ও মেসি৷ সেরাদের তালিকায় থাকবে আরও অনেক নাম৷ সেই তালিকায় হয়তো একটি নাম এখন নেই নিশ্চিতভাবেই৷ তবে সময় যখন বিশ্বকাপের, তাঁকে মনে করতেই হবে৷ বিশ্বকাপ এসেছে, হ্যঁা...মিরোস্লাভ ক্লোসাও আছেন!
ক্লাব ফুটবলে খুব বড় নাম ছিলেন না কখনোই৷ তেমন স্মরণীয় কিছুও করতে পারেননি৷ কিন্তু বিশ্বকাপে তিনি দুর্বার! মাঝের চার বছরে যত উত্থান-পতন থাকুক, চোট বা ফর্মহীনতা যতই সঙ্গী হোক, বিশ্বকাপে তাঁর জ্বলে ওঠা অবধারিত৷ যেন সেরাটা জমিয়ে রাখেন বিশ্বসেরা আসরের জন্যই৷ ফুটবলের ইতিহাসে তাঁর জায়গা যেখানেই হোক, বিশ্বকাপের আকাশে তিনি সবচেয়ে উজ্জ্বল তারাদের একজন৷ এবারও আছেন এবং ফুটছেন টগবগ করে৷ জার্মান স্ট্রাইকারকে হাতছানি দিচ্ছে যে ইতিহাস!
১৪ গোল নিয়ে বিশ্বকাপের সব সময়ের সেরা গোলদাতা তালিকায় যৌথভাবে দুইয়ে আছেন স্বদেশি কিংবদন্তি জার্ড মুলারের সঙ্গে৷ আর একটি গোল করলেই ছুঁয়ে ফেলবেন রোনালদোর রেকর্ড, দুটি করলে যাবেন ছাড়িয়ে৷ ইতালির উত্তরাঞ্চলে এবার বিশ্বকাপের ট্রেনিং ক্যাম্প করেছে জার্মানি৷ সেখানেই জানালেন, রেকর্ডের হাতছানিই তাঁকে অনুপ্রাণিত করছে ৩৬ ছুঁইছুঁই বয়সেও, ‘আমাকে যারা চেনে, তারা জানে রেকর্ডই আমার লক্ষ্য৷ একটি গোল করলেই যৌথভাবে শীর্ষে, দুটি করলে এককভাবে৷ সঠিক পথেই আছি আমি৷ ফিটনেস কোচরা আমাকে খুব ভালোভাবে চেনে, জানে কী করতে হবে৷ টুর্নামেন্টের জন্য শতভাগ ফিট হতে হবে আমাকে৷’
ক্লোসার কথাই বলে দিচ্ছে, ভুগছেন ফিটনেস নিয়ে৷ লাৎসিওর হয়ে ক্লাব মৌসুমটা জেরবার ছিলেন পিঠ ও ঊরুর চোটে৷ তবে এসব তো কতবারই হলো! বিশ্বকাপের বাতাস ঠিকই তরতাজা করে তোলে পোলিশ বংশোদ্ভূত স্ট্রাইকারকে৷ আন্তর্জাতিক ফুটবলে গোলের খাতাই খুলেছিলেন ২০০২ বিশ্বকাপ বাছাইপর্বের গোলে৷ এরপর জাপান-কোরিয়া বিশ্বকাপে আলোড়ন তুললেন একটি হ্যাটট্রিকসহ পাঁচ গোল করে৷ পরের বিশ্বকাপে আবার পাঁচ গোল করে জিতলেন গোল্ডেন বুট৷ গত বিশ্বকাপ খেলতে যখন দক্ষিণ আফ্রিকায় গেলেন, বয়স পেরিয়েছে ৩২৷ কিন্তু ওই যে, বিশ্বকাপের ছেঁায়া! তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে এবার করলেন চার গোল৷ একটি দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে, আর্জেন্টিনাকে বিদায় জানানো কোয়ার্টার ফাইনালে দুটি৷
গত চার বছরে আলোচনায় এসেছেন কমই৷ কিন্তু বিশ্বকাপের ডঙ্কা বাজতেই যথারীতি ঢাল-তলোয়ার নিয়ে প্রস্তুত৷ জোয়াকিম লোর ২৭ জনের দলে আছেন, চূড়ান্ত দলেও থাকছেন নিশ্চিত৷ এই বয়সে সেরা একাদশে জায়গা অবশ্য না পাওয়ারই কথা৷ তবে ২৭ জনের দলে ক্লোসা ছাড়া নিখাদ স্ট্রাইকার শুধুই হফেনহেইমের ২১ বছরের কেভিন ফোল্যান্ড৷ সেদিক থেকে ক্লোসার একাদশে থাকার সম্ভাবনা উড়িয়েও দেওয়া যায় না৷ চিরলড়াকু স্ট্রাইকার অবশ্য পারফরম্যান্স দিয়েই জায়গা করে নিতে চান একাদশে, ‘আমি প্রয়োজনে ‘‘ফলস নাইন’’ হিসেবেও খেলতে পারি৷ ট্রেনিং সেশনে নিজেকে উজাড় করে দেব৷ অভিজ্ঞতাকে বিবেচনায় নেওয়া হোক বা না হোক, ট্রেনিংয়ে এমন কিছু করব, যাতে আমাকে বাদ না দিতে পারেন কোচ৷ আমার ধারণা, একাদশেই জায়গা হবে আমার৷’
একাদশে জায়গা হলেও খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়৷ ম্যাচপ্রতি ২০-২৫ মিনিট পেলেও স্বপ্নের রেকর্ড করে ফেলতে পারেন ক্লোসা৷ এটা যে বিশ্বকাপ! রয়টার্স৷