বিশ্বকাপ খেলতে চান মাশরাফি
একাডেমি ভবনের পেছনের প্র্যাকটিস মাঠে ফিজিও মাইকেল হেনরির সঙ্গে জগিং করছিলেন। দৌড়াতে দৌড়াতেই বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীকে দূর থেকে ‘থাম্বস আপ’ দেখালেন মাশরাফি বিন মুর্তজা। মানে সবকিছু ঠিক আছে। দৌড় শেষ করে নেটেও কিছুক্ষণ ব্যাটিং। এরপর স্পিনারদের মতো হাত ঘুরিয়ে বলও করলেন একটা। সেটা দেখে পরের বলটা করতে যাওয়ার আগেই ফিজিও হেনরির সতর্কবার্তা, ‘ম্যাশ...লাগবে না।’ মানে বল করার সময় এখনো হয়নি।বিশ্বকাপের চূড়ান্ত দল দিতে হবে ১৯ জানুয়ারির মধ্যে, হাতে আর মাত্র ৭ দিন। তার আগে বিসিবির নির্বাচকেরা সবচেয়ে দ্বিধাদ্বন্দ্বে সম্ভবত মাশরাফির ডান হাঁটুর ইনজুরি নিয়েই। দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে মাশরাফি আর হেনরির কথা শুনলেও। মাশরাফি শুধু ‘থাম্বস আপ’ই দেখালেন না, বিশ্বকাপের আগে ফিট হয়ে ওঠার আশাবাদও শোনালেন, ‘আমি বিশ্বকাপ খেলতে চাই।’ কিন্তু আশাবাদের পিঠেই লেপ্টে আছে ফিজিওর সতর্কবার্তা। চূড়ান্ত দল ঘোষণার আগে মাশরাফির পুরোদমে বল করার কোনো সম্ভাবনাই দেখছেন না হেনরি।ইনজুরির ঠিক তিন সপ্তাহ পর কাল জগিং এবং ব্যাটিং করে মাশরাফি খুশি, ‘দৌড়ানো বা ব্যাটিংয়ের সময় কোনো ব্যথা হয়নি। হাঁটুতে একটু শব্দ হচ্ছিল...এটা হয়তো স্বাভাবিকই।’ প্রথম দিনে হালকা দৌড়েছেন ফিজিওর সঙ্গে। আস্তে আস্তে গতিটা বাড়বে, সঙ্গে জিমনেসিয়ামেও করতে হবে কিছু কাজ। ফিজিওর আশা, সবকিছু ঠিকঠাকভাবে চললে হয়তো দুই সপ্তাহের মধ্যে হালকা রানআপে বোলিং শুরু করা যাবে। তাই বলে এই সময়ের মধ্যেই মাশরাফি পুরো ফিট হয়ে যাবেন, তা নয়। ‘পুরো ফিট হওয়ার কথা যদি বলেন, দুই সপ্তাহের মধ্যে সেটা কোনোভাবেই সম্ভব নয়। আরও কিছু কাজ করার পরই বোঝা যাবে সে কতটা ফিট, কবে থেকে পুরোদমে বল শুরু করতে পারে’—মাশরাফির বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে ফিজিওর বক্তব্য অস্পষ্ট।বিশ্বকাপ দলে মাশরাফির থাকার সম্ভাবনা কতটুকু—সেই প্রশ্নেও আপাতত নিশ্চুপই থাকতে হচ্ছে ফিজিওকে। তবে অনুশীলন শেষ করে মাঠ ছেড়ে যাওয়ার সময় কোচ জেমি সিডন্সের মুখ দিয়ে বেরিয়ে এল একটা আশঙ্কা, ‘মনে হচ্ছে সম্ভব না...।’প্রধান নির্বাচক রফিকুল আলমের মতো সিডন্সও বিশ্বকাপে পুরো ফিট মাশরাফিকেই চান। কিন্তু ১৫ সদস্যের দল ঘোষণার আগে যেহেতু মাশরাফিকে পুরো ফিট বলে ঘোষণা করা প্রায় অসম্ভব, ঝুঁকিটা কেউই নিতে চাচ্ছেন না। যদি বিশ্বকাপেও ভেঙে পড়েন মাশরাফি! টুর্নামেন্টের মাঝপথে কি হবে সমাধান? ‘আনফিট’ খেলোয়াড়কে নিয়ে বিশ্বকাপ খেলার ঝুঁকি কি নিবে বাংলাদেশ?মাশরাফির বিশ্বকাপ সম্ভাবনার কাঁটাটা এসব প্রশ্নেই দুলছে। কেউ কেউ ঝুঁকি এড়াতে এমনও বলছেন, মাশরাফির দলে থাকার ব্যাপারটা তাঁর ওপরই ছেড়ে দেওয়া ভালো। সেটা হলে বারবার ইনজুরিতে পড়া দেশসেরা এই পেসার কিন্তু নিজেকে রাখতে চান বিশ্বকাপের দলে, ‘আমি যদি না-ই খেলতে চাইতাম, তাহলে তো এত কষ্ট করতাম না! ইনজুরিতে পড়ার পর ফেরার লড়াই শুরু করতে এক দিনও দেরি করিনি। আমি খুব কনফিডেন্টলি বলছি, বিশ্বকাপ খেলব। তাই বলে আমি নির্বাচকদের বলছি না যে আমাকে নিতেই হবে। সেটা তাঁদের ব্যাপার।’অস্ট্রেলীয় বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াং ২২ জানুয়ারি শ্রীলঙ্কায় আসবেন। মাশরাফির ইচ্ছা ফিজিও হেনরিকে নিয়ে তখন একবার দেখিয়ে আসবেন তাঁকে। কিন্তু বিশ্বকাপের দল যে ঘোষণা হয়ে যাবে এর আগেই! নির্বাচকদের সামনে তাই এখন একটাই পথ খোলা—মাশরাফি নিজেই যদি শোনাতে পারেন কোনো সুসংবাদ।