বিশ্বকাপ খেলা হবে না ওয়ালকটের

ইংল্যান্ডের বিশ্বকাপ ভাগ্যটা এবার সত্যিই খুব খারাপ। শিরোপা জয় তো অনেক দূরের কথা, গ্রুপ পর্বের বাধা পেরোনোর জন্যই হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে দুটি বিশ্বকাপজয়ী দল উরুগুয়ে ও ইতালির সঙ্গে। এরই মধ্যে ইংলিশ সমর্থকদের শুনতে হলো আরও একটি ভয়াবহ দুঃসংবাদ। ইনজুরির কবলে পড়ে কমপক্ষে ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ফরোয়ার্ড থিও ওয়ালকট। হাঁটুর এই ইনজুরির কারণে বিশ্বকাপ খেলতে পারবেন না বলেই জানানো হয়েছে তাঁর ক্লাব আর্সেনালের পক্ষ থেকে।
গত শনিবার এফএ কাপের খেলায় টটেনহামের বিপক্ষে ম্যাচটি চলার সময়ই বাম পায়ে আঘাত পেয়েছিলেন ওয়ালকট। বাকিটা সময় আর খেলতেও পারেননি ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। পরীক্ষা-নিরীক্ষার পরে দেখা গেছে আঘাতটা সত্যিই গুরুতর। আর্সেনালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়ালকটকে ‘কমপক্ষে ছয় মাস মাঠের বাইরে কাটাতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে এবারের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি সময়টা এবং ব্রাজিল বিশ্বকাপে মাঠের বাইরেই থাকতে হবে তাঁকে।’
২০০৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আকস্মিকভাবে জায়গা করে নিলেও সেবার একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি ওয়ালকট। আর ২০১০ সালের বিশ্বকাপে তাঁকে দলেই জায়গা দেননি ইংল্যান্ডের তত্কালীন কোচ ফ্যাবিও ক্যাপেলো। অনেকেই অবাক হয়েছিলেন ইতালিয়ান কোচের এই সিদ্ধান্তে। ওয়ালকটকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা যে ভুল ছিল, সেটা ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে স্বীকারও করে নিয়েছিলেন ক্যাপেলো। আগের দুটি আসরে পর্যাপ্ত সুযোগ থাকা সত্ত্বেও বিশ্বকাপ অভিষেক হয়নি ওয়ালকটের। এবার ব্রাজিল বিশ্বকাপেই সেটা নিশ্চিতভাবে হয়ে যাবে, এমনটাই হয়তো আশা করেছিলেন অনেকে। কিন্তু ভাগ্যদেবী এবারও সদয় হলেন না ওয়ালকটের প্রতি। বিশ্বকাপ অভিষেকের স্বপ্নটা সার্থক করার অপেক্ষা আরও বাড়ল এই ইংলিশ ফরোয়ার্ডের।