বিশ্বকাপ ঘোরের মধ্যেই আইপিএল
বিশ্বকাপ জয়ের আনন্দই এখনো ঠিকমতো হজম হয়নি। এরই মধ্যে আজ শুরু হয়ে যাচ্ছে আইপিএল—ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। নিন্দুকেরা অবশ্য ‘পি’ বলতে ‘পাইসা’-ই বোঝান। হিন্দি যে শব্দটার মানে পয়সা। আইপিএলের দলগুলোর বাজেট, কোটি কোটি রুপিতে খেলোয়াড় বিকিকিনি, সেই খেলোয়াড় কিনতেও অদ্ভুত অভূতপূর্ব নিলামের আয়োজন—সব মিলে ইন্ডিয়ান ‘পাইসা’ লিগ নামটাও বেমানান নয়।তবে নিন্দুকেরা যে যা-ই বলুক, আইপিএলের প্রথম তিনটি আসর ছিল সফল। ছিল বলেই ভারতীয় ধনকুবেররা আরও আকৃষ্ট হয়েছেন। এবারের আইপিএল থেকে যুক্ত হয়েছে নতুন দুটি দল সাহারা পুনে ওয়ারিয়র্স ও কোচি তাস্কার্স। প্রথম দিন নেমে পড়ছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। যেটার অধিনায়ক আবার কদিন আগেই বিশ্বকাপ ট্রফি হাতে তোলা মহেন্দ্র সিং ধোনি। যাঁর সঙ্গে শতরানের জুটি গড়ে বিশ্বকাপ জয় নিশ্চিত করেছিলেন, সেই গৌতম গম্ভীরই আজ ধোনির প্রতিপক্ষ। গম্ভীর নেতৃত্ব দিচ্ছেন কলকাতা নাইটরাইডার্সের। সাকিব আল হাসান এই দলেরই, সোয়া চার লাখ ডলারে ওয়ানডের এক নম্বর অলরাউন্ডারটিকে কিনেছে কলকাতা।স্বত্ব নিয়ে দুর্নীতির অভিযোগ, স্বজনপ্রীতি, আইনি জটিলতা, আইপিএলের প্রতিষ্ঠাতা লোলিত মোদির বিরুদ্ধে চলা মামলা—এবারের আইপিএল মাঠে নামার আগেই আলোচনায়। বাদ পড়তে পড়তে শেষ পর্যন্ত রাজস্থান আর কোচি ঠাঁই করে নিল। ফলে আইপিএল এবার হচ্ছে বর্ধিত আকারে। খেলবে ১০টি দল। ২৮ মে ফাইনাল। মোট ৫১ দিনে হবে ৭৪টি ম্যাচ। শুধু দল আর ম্যাচ বাড়ছে বলেই নয়, এবারের আইপিএল অনেক দিক দিয়েই নতুন নতুন লাগবে আপনার কাছে। প্রথমবার খেলোয়াড় নিলামের শর্তই ছিল, তিন বছর পর নতুন করে হবে নিলাম। সেই নিলামে আগের মতো আইকন খেলোয়াড় রাখা হয়নি। ফলে পাঞ্জাব-পুত্র, বিশ্বকাপের সেরা খেলোয়াড়টিকে মোহালির কিংস ইলেভেন পাঞ্জাব দলে দেখা যাবে না। ১৮ লাখ ডলার দিয়ে যুবরাজকে কিনেছে নতুন দল পুনে। দিল্লির ছেলে হলেও গম্ভীর নেতৃত্ব দিচ্ছেন বাংলার দল কলকাতার। এবার আইপিএলে সর্বোচ্চ ২৪ লাখ ডলারে গম্ভীরকে কিনেছে কলকাতা। মজার ব্যাপার হলো, ২৪ লাখ ডলারে আরেকজন খেলোয়াড় বিক্রি হয়েছেন নিলামে—ইউসুফ পাঠান। তাঁকেও কিনেছে কলকাতা। গম্ভীর, পাঠান, জ্যাক ক্যালিস, ব্রেট লি, সাকিব, এউইন মরগান, রায়ান টেন ডেসকাটদের মতো খেলোয়াড়দের এবার কিনেছে কলকাতা। বলা হচ্ছে, নিলামে সবচেয়ে পরিকল্পনামাফিক এগোনো দলটাই তারা। দুবার আট দলের মধ্যে ষষ্ঠ আর একবার অষ্টম হওয়া কলকাতা এবার শিরোপা জিততে উন্মুখ। এ কারণেই কলকাতাবাসীর আবেগের তোয়াক্কা না করে সৌরভ গাঙ্গুলীকে কেনেনি শাহরুখ খানের দল। এ নিয়ে অবশ্য অনেক বিতর্ক হয়েছে। কিন্তু আইপিএল মানে তো মশলাদার ক্রিকেট—তাতে বিতর্কও যেন মুকুটের বাড়তি একটা পালক! ওয়েবসাইট।